প্রতীকী ছবি
চাকরি দেওয়ার নামে করে প্রতারণার অভিযোগে সৌদি আরবে 'আদম ব্যবসায়ী' হারুন মিয়াকে গণধোলাইয়ের জেরে হবিগঞ্জের মাধবপুর উপজেলার বুল্লা ইউনিয়নের বুল্লা গ্রামে দুইপক্ষের সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছেন ৭/৮ জন পুলিশ সদস্যসহ অন্তত ৬০ জন।
বুধবার (১৩ আগস্ট) বিকেলে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
জানা যায়, বুল্লা গ্রামের ধলাই মিয়ার ছেলে হারুন মিয়া ভালো চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে মোটা অংকের টাকার বিনিময়ে এলাকার কিছু যুবককে সৌদি আরবে নেন। সেখানে গিয়ে যুবকরা কাঙ্ক্ষিত চাকরি না পেয়ে হতাশ ও ক্ষুব্ধ হন। গত সোমবার (১১ জুলাই) সৌদি আরবের বাতা সার্কেটে হঠাৎ হারুন মিয়াকে দেখতে পেয়ে গণধোলাই দেন তারা। পরে গণধোলাইয়ের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়।
এ ঘটনার জেরে বুধবার বিকেলে বুল্লা গ্রামের ধলাই মিয়ার গোষ্ঠীর লোকজন ওই যুবকদের আত্মীয়-স্বজনদের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হন। খবর পেয়ে মাধবপুর থানার ওসি মোহাম্মদ সহিদ উল্ল্যার নেতৃত্বে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে সংঘর্ষ থামানোর চেষ্টা করে। এ সময় ওসিসহ ৭/৮ জন পুলিশ সদস্য আহত হন।
ওসি মোহাম্মত সহিদ উল্ল্যা জানান, সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ৪০ জন আহত হয়েছেন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। আহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি।
মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগ সূত্র জানিয়েছে, অন্তত ৫০ জনকে চিকিৎসা দেওয়া হয়েছে।
জৈন্তা বার্তা/আরআর




