ছবি:সংগৃহীত
ক্বিরাত প্রতিযোগিতা তরুণ প্রজন্মের হৃদয়ে কুরআনের প্রতি গভীর ভালোবাসা ও শ্রদ্ধা জাগিয়ে তোলে উল্লেখ করে শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল (স্নাতকোত্তর) মাদরাসার প্রিন্সিপাল মাওলানা লুৎফুর রহমান হুমায়দী বলেন, ‘পবিত্র কুরআনের সুরেলা তিলাওয়াত হৃদয়কে পরিশুদ্ধ করে, সমাজকে শান্তির পথ দেখায়। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের নৈতিক ও আধ্যাত্মিক উন্নয়নে মুখ্য ভূমিকা রাখে।’
কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ (কেমুসাস) আয়োজিত ৯ দিনব্যাপী ১৯তম কেমুসাস বইমেলার পঞ্চম দিনের ক্বেরাত প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেলে কেমুসাস প্রাঙ্গণে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংসদের কোষাধ্যক্ষ ও বইমেলা উপকমিটির আহ্বায়ক জাহেদুর রহমান চৌধুরী। সঞ্চালনা করেন উপকমিটির সদস্য সচিব কামরুল আলম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেমুসাসের সহসভাপতি সৈয়দ মুহিবুর রহমান। এছাড়া বক্তব্য দেন কেমুসাসের সাধারণ সম্পাদক, গল্পকার সেলিম আউয়াল, সাবেক সাধারণ সম্পাদক দেওয়ান মাহমুদ রাজা চৌধুরী এবং বিচারকদের প্রতিনিধি কারী শামসীর হারুনুর রশিদ।
কুরআন তিলাওয়াত করেন দারুননাজাত মডেল মাদরাসার শিক্ষার্থী মারওয়ান আহমদ। বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন কারী মাজহারুল ইসলাম জয়নাল, কারী শামসীর হারুনুর রশিদ, কারী ওমর ফারুক ও কারী আব্দুল বাছিত।
সিলেটের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে অর্ধশতাধিক শিক্ষার্থী অংশ নেয় ক্বেরাত প্রতিযোগিতায়।
ক গ্রুপ: প্লে থেকে ৩য় শ্রেণি, খ গ্রুপ: ৪র্থ থেকে ৬ষ্ঠ শ্রেণি, গ গ্রুপ: ৭ম থেকে ১০ম শ্রেণি, ঘ গ্রুপ: কলেজ/বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থী।
বইমেলা উপলক্ষে প্রতিদিন অনুষ্ঠিত হচ্ছে বিভিন্ন প্রতিযোগিতা ও আলোচনা সভা।
১৩ ডিসেম্বর: বিকেল ৩টা- গান প্রতিযোগিতা
১৪ ডিসেম্বর: বিকেল ৩টা-হাতের লেখা ও বক্তৃতা প্রতিযোগিতা; সন্ধ্যা ৬টা-শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনা
১৫ ডিসেম্বর: বিকেল ৩টা-আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
১৬ ডিসেম্বর: সন্ধ্যা ৬টা-বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান
সাহিত্যপ্রেমীদের পদচারণায় মুখর ৯ দিনব্যাপী এই বইমেলা চলবে আগামী ১৬ ডিসেম্বর পর্যন্ত।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




