তারেক রহমানের সিলেট আগমন ঘিরে প্রশাসনিক প্রস্তুতি জোরদার, এসএমপির নিরাপত্তা বৈঠক
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০৭ AM

তারেক রহমানের সিলেট আগমন ঘিরে প্রশাসনিক প্রস্তুতি জোরদার, এসএমপির নিরাপত্তা বৈঠক

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৮/০১/২০২৬ ০৭:৫৯:২৫ PM

তারেক রহমানের সিলেট আগমন ঘিরে প্রশাসনিক প্রস্তুতি জোরদার, এসএমপির নিরাপত্তা বৈঠক

ছবি:সংগৃহীত


বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আসন্ন সিলেট আগমন ও নির্ধারিত জনসভাকে কেন্দ্র করে প্রশাসনিক ও রাজনৈতিক প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। একই সঙ্গে স্থানীয় রাজনৈতিক নেতাদের সঙ্গে সমন্বয় জোরদার করা হয়েছে।

এ উপলক্ষে মহানগর এলাকায় সার্বিক নিরাপত্তা জোরদারের লক্ষ্যে সিলেট মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

রোববার (১৮ জানুয়ারি) বিকাল ৩টায় এসএমপি সদর দপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সিলেট জেলা ও মহানগর বিএনপির নেতৃবৃন্দ অংশ নেন। সভায় সভাপতিত্ব করেন এসএমপি কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী।

সভায় বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদি এবং মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী।

মতবিনিময় সভায় তারেক রহমানের আগমন ও সংশ্লিষ্ট কর্মসূচিকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা, যান চলাচল নির্বিঘ্ন রাখা এবং কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় প্রশাসন ও রাজনৈতিক দলের মধ্যে সমন্বয় আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।

এসএমপি সূত্র জানায়, কর্মসূচিকে কেন্দ্র করে সভাস্থল ও আশপাশের এলাকায় বহুস্তর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে। এর মধ্যে থাকবে প্রবেশপথে চেকপোস্ট স্থাপন, মেটাল ডিটেক্টরের মাধ্যমে তল্লাশি, সিসিটিভির মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি, সাদা পোশাকে গোয়েন্দা পুলিশের তৎপরতা এবং দ্রুত প্রতিক্রিয়া দল মোতায়েন। পাশাপাশি নগরীর যান চলাচল স্বাভাবিক রাখতে বিশেষ ট্রাফিক ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে।

মতবিনিময় সভায় বাংলাদেশ পুলিশ ছাড়াও র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব), বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (আনসার ও ভিডিপি), কাস্টমস ইন্টেলিজেন্স ও এনফোর্সমেন্ট, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) এবং সিকিউরিটি সার্ভিসেস ডিভিশনসহ বিভিন্ন আইনশৃঙ্খলা ও নিরাপত্তা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় অংশ নেওয়া রাজনৈতিক নেতারা শান্তিপূর্ণ কর্মসূচি বাস্তবায়নে দলীয় নেতাকর্মীদের সর্বাত্মক সহযোগিতা নিশ্চিত করার আশ্বাস দেন। একই সঙ্গে এসএমপি কর্তৃপক্ষ সার্বিক নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্নের কথা পুনর্ব্যক্ত করে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ