অপ*প্রচারের প্রতিবাদে প্রবাসী আলমগীরের সংবাদ সম্মেলন
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২৭ AM

সাড়ে তিন কোটি টাকা আত্ম*সাতের অভিযোগ প্রতিপক্ষ শাহানুরের বিরুদ্ধে

অপ*প্রচারের প্রতিবাদে প্রবাসী আলমগীরের সংবাদ সম্মেলন

প্রকাশিত: ১৮/০১/২০২৬ ১০:০৩:২৮ PM

অপ*প্রচারের প্রতিবাদে প্রবাসী আলমগীরের সংবাদ সম্মেলন

ছবি:সংগৃহীত


সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার, যুক্তরাষ্ট্রে কর্মরত অবস্থায় পাওনা অর্থ আত্মসাৎ এবং পরিকল্পিত মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ এনে প্রতিপক্ষ শাহানুর রহমানের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন প্রবাসী মো. শেখ আলমগীর হাসান।

রোববার (১৮ জানুয়ারি) সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ তুলে ধরেন। এ সময় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শেখ আলমগীর হাসান জানান, প্রতিপক্ষ শাহানুর রহমান সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার শাহারপাড়া গ্রামের বাসিন্দা। বিভিন্ন মাধ্যমে পরিচয়ের পর শাহানুর তাকে ব্যবসায়িক অংশীদার হওয়ার প্রস্তাব দিয়ে যুক্তরাষ্ট্রে কাজের সুযোগ দেন। পরবর্তীতে জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টা শহরের বুফোর্ড হাইওয়ে এনই এলাকায় অবস্থিত একটি সিটগো গ্যাস স্টেশনে মাসিক ছয় হাজার মার্কিন ডলার বেতনে তাকে নিয়োগ দেওয়া হয়। সেখানে তিনি প্রায় ১৮ মাস কর্মরত ছিলেন।

তিনি জানান, প্রথম ছয় মাসে বেতন বাবদ তার পাওনা দাঁড়ায় প্রায় ৪৪ লাখ টাকা। এ সময় শাহানুর রহমান তাকে ব্যবসার অংশীদার হওয়ার প্রস্তাব দেন। এতে সম্মতি দিয়ে তিনি বকেয়া বেতনের পাশাপাশি নগদ আরও ৫০ লাখ টাকা বিনিয়োগ করেন। ২০২৫ সালের ৩ এপ্রিল শাহানুর রহমান নিজ বাড়িতে এসে ওই অর্থ গ্রহণ করেন বলে তিনি দাবি করেন।

পরবর্তীতে আরও এক বছর তিনি ওই প্রতিষ্ঠানে কাজ করেন। একপর্যায়ে বেতন ও ব্যবসার লভ্যাংশ মিলিয়ে তার মোট পাওনার পরিমাণ দাঁড়ায় আনুমানিক ২ লাখ ৭১ হাজার মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩ কোটি ৩১ লাখ টাকা।

শেখ আলমগীর হাসান অভিযোগ করেন, ২০২৬ সালের ১ জানুয়ারি পাওনা অর্থ দাবি করলে নানা অজুহাতে সময়ক্ষেপণ করা হয়। এরই মধ্যে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনায় যুক্তরাষ্ট্রের আইন লঙ্ঘনের অভিযোগে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়, যা পরিকল্পিতভাবে তাকে ফাঁসানোর ষড়যন্ত্র বলে তিনি দাবি করেন।

তিনি আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে তার বিরুদ্ধে অর্থ আত্মসাতের মিথ্যা অভিযোগ ছড়িয়ে তাকে ধরিয়ে দেওয়ার জন্য ৩০ হাজার মার্কিন ডলার পুরস্কারের ঘোষণাও দেন শাহানুর রহমান। এতে চরম নিরাপত্তাহীনতায় ভুগে একপর্যায়ে তিনি যুক্তরাষ্ট্র ত্যাগ করে দেশে ফিরে আসতে বাধ্য হন।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী আলমগীর সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থার দৃষ্টি আকর্ষণ করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং তার ন্যায্য পাওনা অর্থ দ্রুত উদ্ধারের দাবি জানান। একই সঙ্গে প্রবাসী বাংলাদেশিদের এ ধরনের ব্যবসায়িক প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

উল্লেখ্য, শেখ আলমগীর হাসান সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার চিকসা গ্রামের বাসিন্দা এবং শেখ আব্দুল আজিজের পুত্র।


জৈন্তা বার্তা/ ওয়াদুদ