ছবি:সংগৃহীত
সিলেট-৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, দেশের ইসলামি দলগুলোর মধ্যে সর্ববৃহৎ দল জমিয়তে উলামায়ে ইসলামের সঙ্গে বিএনপির দীর্ঘ তিন দশকের ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। মাথাচাড়া দিয়ে ওঠা ধর্মপ্রতারক গোষ্ঠীর অপতৎপরতা থেকে দেশকে রক্ষা করতে জমিয়ত বিএনপির গুরুত্বপূর্ণ রাজনৈতিক মিত্র।
সিলেটে বিএনপি ও জমিয়তের নির্বাচনী মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেন, ধর্মকে ব্যবহার করে যারা বিভ্রান্তি ছড়াচ্ছে এবং অপপ্রচার চালাচ্ছে, জমিয়তকে সঙ্গে নিয়ে বিএনপি ঐক্যবদ্ধভাবে তাদের প্রতিহত করবে।
তিনি আরও বলেন, সিলেট-৫ আসনে বিএনপি-জমিয়ত জোটের প্রার্থী সর্বজনশ্রদ্ধেয় আলেম মাওলানা উবায়দুল্লাহ ফারুকের পাশে বিএনপির সর্বস্তরের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে রয়েছেন। একইভাবে সিলেট-৬ আসনেও জমিয়তের বিদ্রোহী প্রার্থী ফখরুল ইসলাম ও তার কর্মী-সমর্থকরাও ধানের শীষের প্রার্থী হিসেবে আমাকে সহযোগিতা করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
রোববার (১৮ জানুয়ারি) বিকেলে সিলেট মহানগরের বন্দরবাজার এলাকার একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জমিয়তে উলামায়ে ইসলাম সিলেট জেলা দক্ষিণ শাখার সভাপতি মুফতি মুজিবুর রহমান।
জমিয়তের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মালিক চৌধুরীর সঞ্চালনায় সভায় সিলেট জেলা ও মহানগর বিএনপি এবং জমিয়তের শীর্ষ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এছাড়া সিলেটের ছয়টি আসনের বিএনপি-জোট মনোনীত সংসদ সদস্য প্রার্থীরাও বক্তব্য দেন।
সভায় বক্তারা বলেন, সিলেটের সবকটি আসনে বিএনপি-জমিয়ত জোট প্রার্থীদের বিজয় নিশ্চিত করে দেশনায়ক তারেক রহমানকে উপহার দিতে হবে এবং সিলেটকে আবারও বিএনপি ও জমিয়তের শক্ত ঘাঁটি হিসেবে প্রমাণ করতে হবে।
বক্তারা আরও বলেন, সৌহার্দ্যপূর্ণ আচরণ, পারস্পরিক শ্রদ্ধা ও ঐক্যের মাধ্যমে আগামী ১২ ফেব্রুয়ারি চূড়ান্ত বিজয় অর্জন করা সম্ভব হবে ইনশাআল্লাহ। আগামীর বাংলাদেশ হবে বিএনপি ও জমিয়ত তথা দেশপ্রেম ও ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী মানুষের বাংলাদেশ।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




