ছবি:সংগৃহীত
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত সিলেট-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী আরিফুল হক চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ গোয়াইনঘাট উপজেলার ১৩নং বিছনাকান্দি ইউনিয়ন এবং ছাত্র জমিয়তের নেতৃবৃন্দ।
শনিবার (১৮ জানুয়ারি) বিকেলে এ সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।
মতবিনিময়কালে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ গোয়াইনঘাট উপজেলার ১৩নং বিছনাকান্দি ইউনিয়নের সাধারণ সম্পাদক মাওলানা জয়নাল আবেদিন, সিলেট মহানগরের ১৫নং ওয়ার্ডের সহ-প্রচার সম্পাদক ক্বারী কাউছার আহমদ, ছাত্র জমিয়ত বাংলাদেশ গোয়াইনঘাট উপজেলার সভাপতি ইকরামুল হক জাবের, গোয়াইনঘাট উপজেলা ছাত্র জমিয়তের সহ-সাধারণ সম্পাদক মাওলানা মারুফ আহমদ, ছাত্র জমিয়ত বাংলাদেশ ১৩নং বিছনাকান্দি ইউনিয়নের সহ-সভাপতি মাওলানা আব্দুল কাদির বিন নূর এবং সদস্য মৌলভী শাহাদাত হাসানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
মতবিনিময় সভায় আরিফুল হক চৌধুরী বলেন, ‘আমরা সবাই মিলে ধানের শীষকে বিজয়ী করব। ধানের শীষের বিজয় মানেই বাংলাদেশের বিজয় এবং গণতন্ত্রের বিজয়।’ তিনি বলেন, সিলেট-৪ আসনের পিছিয়ে পড়া তিনটি উপজেলাকে মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে সকলের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন।
তিনি আরও বলেন, নির্বাচনে বিজয়ী হলে এলাকার সবকটি ইউনিয়নে নতুন পাকা সড়ক নির্মাণ, ব্রিজ-কালভার্ট স্থাপন এবং পুরোনো সড়ক ও অবকাঠামোর সংস্কারে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। পাশাপাশি স্বাস্থ্যসেবা ও শিক্ষাখাতে ব্যাপক উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে। তিনটি উপজেলাকে স্মার্ট ও আধুনিক মডেল উপজেলা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে পরিকল্পিত উন্নয়ন কর্মসূচি গ্রহণ করা হবে।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




