ছবি:সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে বিয়ানীবাজার উপজেলার ৮৯টি ভোটকেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শেষে শুরু হয়েছে ভোট গণনার কার্যক্রম। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় ভোটগ্রহণ শেষ হওয়ার পরপরই কেন্দ্রগুলোতে ব্যালট বাক্স সিলগালা করে প্রিজাইডিং অফিসারের তত্ত্বাবধানে প্রার্থীদের এজেন্টদের উপস্থিতিতে স্বচ্ছতার সঙ্গে ভোট গণনা শুরু হয়।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রতিটি কেন্দ্রে পুলিশ ও আনসার সদস্যদের সতর্ক অবস্থান লক্ষ্য করা গেছে। কেন্দ্রভিত্তিক গণনা শেষে ফলাফল সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠানো হবে। পরে উপজেলা ও জেলা পর্যায়ে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হবে বলে নির্বাচন সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। বিয়ানীবাজার উপজেলা পরিষদ হলরুম থেকে বিকেল সাড়ে ৫টা থেকে ফলাফল ঘোষণা শুরু হবে বলে জানিয়েছেন সহকারী রিটার্নিং কর্মকর্তা উম্মে হাবিবা মজুমদার।
সকাল সাড়ে ৭টা থেকে একটানা বিকেল পর্যন্ত ভোটগ্রহণ চলে। কিছু কেন্দ্র ছাড়া অধিকাংশ কেন্দ্রে ভোটার উপস্থিতি তুলনামূলক কম ছিল। তবে বিচ্ছিন্নভাবে কয়েকটি কেন্দ্রের বাইরে সামান্য উত্তেজনা দেখা দিলেও আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনায় ভোটগ্রহণ বন্ধ, স্থগিত বা বিঘ্নিত হয়নি বলে জেলা রিটার্নিং কর্মকর্তা গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। একই সঙ্গে কোনো প্রার্থী বা তাদের পক্ষ থেকে আনুষ্ঠানিক অভিযোগ পাওয়া যায়নি বলেও তিনি জানান।
ভোট গণনাকে কেন্দ্র করে প্রার্থীদের সমর্থক ও সাধারণ ভোটারদের মাঝে বাড়ছে উৎকণ্ঠা ও আগ্রহ। বিভিন্ন স্থানে সমর্থকদের জটলা ও ফলাফল জানার অপেক্ষা দেখা গেছে। এখন সবার দৃষ্টি চূড়ান্ত ফলাফলের দিকে।
এদিন বিভিন্ন প্রার্থী নিজ নিজ কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করেন।
হেলিকপ্টার প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মাওলানা ফখরুল ইসলাম কুড়ারবাজার দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন। ভোট প্রদান শেষে তিনি বলেন, ভোটারদের অংশগ্রহণে তিনি সন্তুষ্ট এবং শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অব্যাহত থাকবে বলে আশা করেন। তিনি সবাইকে নির্ভয়ে কেন্দ্রে এসে ভোট দেওয়ার আহ্বান জানান।
গণঅধিকার পরিষদ মনোনীত ট্রাক প্রতীকের প্রার্থী এডভোকেট জাহিদুর রহমান সকাল সাড়ে ৮টায় নালবহর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন। তিনি বলেন, জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছেন এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা প্রয়োজন।
সিলেট-৬ (গোলাপগঞ্জ–বিয়ানীবাজার) আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী এডভোকেট এমরান আহমদ চৌধুরী লক্ষিপাশা ইউনিয়নের কতোয়ালপুর কারিপাড়া সদানন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট প্রদান করেন। তিনি বলেন, “আল্লাহর শুকরিয়া আদায় করছি, দীর্ঘদিন পর আমার ভোটটি দিতে পারছি।” শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
জামায়াত মনোনীত প্রার্থী মো. সেলিম উদ্দিন পূর্ব মুড়িয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সকাল সাড়ে ৭টায় ভোট দেন। তিনি বলেন, শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশে ভোটগ্রহণ হচ্ছে বলে তিনি আশা করছেন এবং ভোটারদের নির্ভয়ে ভোট দেওয়ার আহ্বান জানান।
সার্বিকভাবে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে সার্বক্ষণিক মনিটরিং করা হয়েছে এবং এখন শান্তিপূর্ণ পরিবেশে ভোট গণনা চলছে।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




