ভোটের মাধ্যমেই জনগণ নির্ধারণ করবে দেশের ভবিষ্যৎ সরকার - কাইয়ুম চৌধুরী
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৪:৩১ PM

ভোটের মাধ্যমেই জনগণ নির্ধারণ করবে দেশের ভবিষ্যৎ সরকার - কাইয়ুম চৌধুরী

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১২/০২/২০২৬ ০৭:০৪:৪৪ PM

ভোটের মাধ্যমেই জনগণ নির্ধারণ করবে দেশের ভবিষ্যৎ সরকার - কাইয়ুম চৌধুরী

ছবি:সংগৃহীত


ভোটাধিকার প্রতিষ্ঠার দীর্ঘ সংগ্রাম ও প্রতীক্ষার পর নিজ ভোটাধিকার প্রয়োগ করেছেন সিলেট জেলা বিএনপির সভাপতি এবং জেলার সকল সংসদীয় আসনের সমন্বয়ক আব্দুল কাইয়ুম চৌধুরী। ভোট প্রদান শেষে তিনি বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট প্রদান শেষে তিনি বলেন, ‘এই নির্বাচনের মাধ্যমেই বাংলাদেশের পরবর্তী সরকার নির্ধারণ করবে জনগণ।’

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ফেঞ্চুগঞ্জ উপজেলার নুরপুর দরগাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট প্রদান শেষে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, ‘অত্যন্ত শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে। আমি সকল ভোটারকে ভোটকেন্দ্রে এসে নিজ নিজ ভোটাধিকার প্রয়োগ করার আহ্বান জানাই।’

তিনি আরও বলেন, ‘২০২৪ সালের আগস্ট থেকে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে পরিচালিত অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে ভোট দিতে পেরে মানুষ আনন্দিত।’

জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় প্রয়াত নেত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘ সংগ্রাম ও দলের জন্য আত্মাহুতি দেয়া নেতাকর্মী এবং জুলাই–আগস্টের গণআন্দোলনে আহত ও শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে তিনি সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে ধন্যবাদ জানান।

এসময় তিনি বলেন, ‘জনগণের হৃদয়ের মনিকোঠায় তারেক রহমান ইতোমধ্যেই জায়গা করে নিয়েছেন। বিএনপির ডাকে সাড়া দিয়ে যেভাবে মানুষ ভোটকেন্দ্রে আসছেন, তাতে স্পষ্ট-আগামীর বাংলাদেশ গড়তে জনগণ তারেক রহমানকেই প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায়।’

ভোট প্রদানকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির উপদেষ্টা আহবাব চৌধুরী খোকন, ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ওহিদুজ্জামান ছুফি চৌধুরী, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কোহিনূর আহমেদ, জেলা বিএনপির সদস্য সাদিকুর রহমান টিপুসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা।


জৈন্তা বার্তা/ ওয়াদুদ