সিলেটের জৈন্তাপুরে মধ্যরাতে অভিযান চালিয়ে ৭৬ বোতল বিদেশি মদসহ দুইজনকে আটক করেছে জৈন্তাপুর মডেল থানার পুলিশ। বুধবার (১১ মার্চ) দিবাগত মধ্যরাতে তাদের আটক করা হয়।
আটক দুইজন হলেন- উপজেলার লক্ষিপুর রাংপানি গ্রামের আক্তার হোসেনের পুত্র মারুফ (১৯) এবং একই গ্রামের জাকির হোসেনের পুত্র রাব্বি (১৮)।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রাতে মাদকবিরোধী অভিযানে নামে জৈন্তাপুর মডেল থানা পুলিশের টিম। রাত আড়াইটার দিকে জৈন্তাপুর মডেল থানার উপ-পরিদর্শক মাহমুদুল হাসান খানের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ উপজেলার আসামপাড়া গুচ্ছগ্রাম বাজারে একটি পরিত্যক্ত দোকান থেকে ৭৬ বোতল রয়েল স্ট্যাগ ব্রান্ডের ভারতীয় মদসহ দুইজনকে আটক করে।
পুলিশ জানায়, আটক হওয়া মদের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ লক্ষ ৪ হাজার টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দুইজন মদ পাচারের সাথে নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা বলেন, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে আটক দুইজনকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন। বৃহস্পতিবার পুলিশ পাহারায় তাদেরকে আদালতে সোপর্দ করা হবে।
জৈন্তা বার্তা/আরআর




