ছবি:সংগৃহীত
সিলেট মহানগরের মোগলাবাজার এলাকায় খাদ্যপণ্য প্রক্রিয়াজাতকারী ফিজা অ্যান্ড কোম্পানীর কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় জিরা জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
শুক্রবার (২৭ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছে সিলেট মহানগর পুলিশের মিডিয়া শাখা। তাদের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার (২৬ মার্চ) মোগলাবাজার থানা পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে এই জিরার চালান জব্দ করে এবং সংশ্লিষ্ট ব্যক্তি আশরাফুল ইসলাম (২২)-কে আটক করে।
আটক আশরাফুল ইসলাম জৈন্তাপুর উপজেলার হরিপুর এলাকার জমসেদ আলীর ছেলে। তিনি বর্তমানে মোগলাবাজার থানার আলমপুর এলাকায় ভাড়া বাসায় বসবাস করছিলেন।
অভিযানকালে কারখানার ভেতর থেকে ১৪৮ বস্তায় মোট ৪ হাজার ৪৪০ কেজি ভারতীয় জিরা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ২৬ লাখ ৬৪ হাজার টাকা।
এ ঘটনায় মোগলাবাজার থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা (নং ৭/২৬/৩/২৬) দায়ের করা হয়েছে। পরে আটক ব্যক্তিকে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




