নতুন কুঁড়ি স্পোর্টস’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
শনিবার, ০২ মে ২০২৬, ০৯:১২ PM

নতুন কুঁড়ি স্পোর্টস’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০২/০৫/২০২৬ ০৭:২৫:২১ PM

নতুন কুঁড়ি স্পোর্টস’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সংগৃহিত


‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’- এ স্লোগানকে সামনে রেখে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সারা দেশের জেলা স্টেডিয়ামগুলোতেও এ সময় ভার্চুয়ালি যুক্ত ছিলেন খুদে ক্রীড়াবিদরা।

শনিবার (২ মে) বিকেলে নগরীর রিকাবীবাজারে সিলেট জেলা স্টেডিয়ামে শিশু-কিশোরদের উপস্থিতিতে একটি লাল বাটন রচপে ট্রফি ও লোগো উন্মোচনের মাধ্যমে এই কর্মসূচির উদ্বোধন করেন তিনি।

সারাদেশে শিশু-কিশোরদের মধ্য থেকে প্রতিভা অন্বেষণে এই উদ্বোধনের মধ্য দিয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর যাত্রা শুরু হলো। এর মাধ্যমে তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান ক্রীড়াবিদ গড়ে তুলতে আশির দশকের জনপ্রিয় প্রতিভা অন্বেষণ কর্মসূচি ‘নতুন কুঁড়ি’র ধারাবাহিকতায় এবার ইউনিয়ন ও সিটি করপোরেশনের ওয়ার্ড পর্যায় থেকে এই কার্যক্রম শুরু করেছে সরকার। ১২ থেকে ১৪ বছর বয়সী শিশু-কিশোরদের সুপ্ত ক্রীড়া প্রতিভা অন্বেষণ, বাছাই এবং রাষ্ট্রীয়ভাবে তাদের প্রতিভা বিকাশের সুযোগ তৈরি করাই এই কর্মসূচির মূল লক্ষ্য। আগামী ১৩ থেকে ২২ মে’র মধ্যে আঞ্চলিক পর্যায়ের সব কার্যক্রম শেষ করার পরিকল্পনা রয়েছে।

নতুন কুঁড়ি স্পোটর্স এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় প্রধানমন্ত্রী বলেন, লন্ডনের এক রেস্টুরেন্টে বসে খাবার টেবিলে আলাপচারিতার মাঝেই বাংলাদেশে নতুন কুঁড়ি স্পোর্টস চালুর পরিকল্পনা করেছিলাম। নিজের স্মৃতির কথা তুলে ধরে তারেক রহমান বলেন, আমি তখন লন্ডনে থাকতাম। তখন আমার সাথে তোমাদের আন্টি (তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান), আমিনুল (বর্তমান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক) ও কয়সার গিয়েছিল। তখন আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলাপ করছিলাম। একপর্যায়ে আমরা খাবার টেবিলে বসে স্পোর্টস নিয়ে কথা বলতে বলতে ঠিক করলাম আমরা নতুন কুঁড়ি স্পোর্টস চালু করব বাংলাদেশে।

মাঠে উপস্থিত শিশু-কিশোরদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, এটা হচ্ছে আজকে তোমাদের অনুষ্ঠান। আমি চাই এই যে তোমরা যারা এখানে বসে আছো, সারা বাংলাদেশে আজকে যারা স্টেডিয়ামগুলোতে বসে আছো ছোট বন্ধুরা, ইনশাআল্লাহ তোমরা স্পোর্টসের মাধ্যমে সারা বাংলাদেশকে পৃথিবীর সামনে তুলে ধরবে। তোমরা প্রত্যেকে একেকজন বাংলাদেশের অ্যাম্বেসেডর হবে।

ভবিষ্যৎ নেতৃত্বের গুরুত্ব তুলে ধরে তিনি আরও বলেন, তোমাদেরকে বাংলাদেশের দায়িত্ব নিতে হবে, কারণ ইউ আর দি ফিউচার, তোমরাই হচ্ছো বাংলাদেশের ভবিষ্যৎ। তোমাদের মধ্য থেকে ইনশাআল্লাহ ভবিষ্যতে আন্তর্জাতিক মানের খেলোয়াড় তৈরি হবে। বড় বড় ডাক্তার, ল-ইয়ার, ইঞ্জিনিয়ার, আর্কিটেক্ট তৈরি হবে। এবং তোমাদের ভেতর থেকে ভবিষ্যতে নেতৃত্ব তৈরি হবে, এই দেশকে তোমরা নেতৃত্ব দেবে, তোমরা এই দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে।

এর আগে বিকেল সাড়ে ৪টায় প্রধানমন্ত্রী অনুষ্ঠানস্থলে উপস্থিত হন। তবে এর আগে থেকেই পুরো স্টেডিয়াম জুড়ে ছিল উৎসবের আমেজ। এ সময় প্রধানমন্ত্রীসহ গ্যালারিতে উপস্থিত বিভিন্ন স্কুলের শিক্ষার্থী, অভিভাবক ও সিলেটের সর্বস্তরের মানুষ দাঁড়িয়ে জাতীয় সঙ্গীতের প্রতি শ্রদ্ধা জানান। এরপর পবিত্র কোরআন, গীতা, ত্রিপিটক ও বাইবেল থেকে পাঠ করেন শিক্ষার্থীরা। পরে নতুন কুঁড়ি স্পোর্টস’-এর ওপর একটি প্রামাণ্যচিত্র পরিবেশন করা হয়।

উদ্বোধনের আগে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জানান, নির্বাচনী ইশতেহারে ক্রীড়া খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, সরকার তা বাস্তবায়নে কাজ করছে। এরই অংশ হিসেবে নতুন কুঁড়ি স্পোর্টস’ অদেখা প্রতিভা খুঁজে বের করার একটি বড় প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।

প্রসঙ্গত, ১৯৭৬ সালে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান নতুন কুঁড়ি’ সাংস্কৃতিক প্রতিযোগিতার সূচনা করেছিলেন। দীর্ঘ সময় বন্ধ থাকার পর সেই জনপ্রিয় ব্র্যান্ডটিকেই এবার প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত ধরে ক্রীড়াঙ্গনে নতুন কুঁড়ি স্পোর্টস’হিসেবে ফিরিয়ে আনা হলো।

জৈন্তা বার্তা / ওয়াদুদ