গোয়াইনঘাটে ঝুলে আছে হাজারো মানুষের স্বপ্ন লালটিকির ব্রিজ
রবিবার, ০৩ মে ২০২৬, ০২:৩৬ AM

গোয়াইনঘাটে ঝুলে আছে হাজারো মানুষের স্বপ্ন লালটিকির ব্রিজ

নজরুল ইসলাম, গোয়াইনঘাট প্রতিনিধি

প্রকাশিত: ০৩/০৫/২০২৬ ১২:৫৬:৪৩ AM

গোয়াইনঘাটে ঝুলে আছে হাজারো মানুষের স্বপ্ন লালটিকির ব্রিজ

ছবি:সংগৃহীত


সিলেটের গোয়াইনঘাট উপজেলার ১নং রুস্তমপুর ইউনিয়নে অবস্থিত লালটিকির ব্রিজটি দীর্ঘদিন ধরে অবহেলায় পড়ে থাকায় চরম দুর্ভোগে রয়েছেন স্থানীয় বাসিন্দারা। একটি নিরাপদ ও চলাচলযোগ্য সেতুর দাবি বহুদিনের হলেও তা আজও বাস্তবায়িত হয়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, একসময় লালটিকির ব্রিজটি ছিল এলাকার প্রধান যোগাযোগ মাধ্যম। কিন্তু বছরের পর বছর সংস্কার বা পুনর্নির্মাণ না হওয়ায় বর্তমানে এটি প্রায় ধ্বংসপ্রাপ্ত অবস্থায় রয়েছে। সেতুর ভাঙা অংশ নদীর পানিতে হেলে পড়েছে, যা যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি তৈরি করছে।

এই সেতুর ওপর নির্ভরশীল আশপাশের কয়েকটি গ্রামের মানুষ প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন। স্কুল-কলেজের শিক্ষার্থী, কৃষক ও সাধারণ মানুষের জন্য গুরুত্বপূর্ণ এই পথ এখন কার্যত অচল। বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে, কারণ বিকল্প কোনো পথ না থাকায় দুর্ভোগ চরমে পৌঁছায়।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, একাধিকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সেতুটি সংস্কার বা পুনর্নির্মাণের দাবি জানানো হলেও এখনো কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ফলে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ও হতাশা বাড়ছে।

রুস্তমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাব উদ্দিন শিহাব জানান, ২০১৮ সাল থেকেই ব্রিজটি ভেঙে পড়ে আছে। মানুষের দুর্ভোগ লাঘবে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে কয়েকবার বাঁশের সাঁকো নির্মাণ করা হলেও বর্ষার পানিতে তা ভেসে যায়। তিনি দ্রুত স্থায়ী সেতু নির্মাণে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের হস্তক্ষেপ কামনা করেন।

এ বিষয়ে উপজেলা প্রকৌশলী হাসিব আহমদ বলেন, প্রকল্পের প্রস্তাবনা (স্কিম) পাঠানো হয়েছে। অনুমোদন পেলেই নির্মাণকাজ শুরু করা হবে।

স্থানীয়দের দাবি, দ্রুত লালটিকির ব্রিজটি পুনর্নির্মাণ করে নিরাপদ চলাচল নিশ্চিত করা হোক। কারণ একটি সেতু শুধু যোগাযোগের মাধ্যম নয়, এটি একটি এলাকার উন্নয়ন ও মানুষের স্বপ্নের প্রতীক।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ