সিলেটের জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে ‘জরুরি হাম-রুবেলা (এমআর) টিকাদান অভিযান-২০২৬’ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে উপজেলা সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৩ মে) বেলা ১১টায় হাসপাতালের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় টিকাদান কার্যক্রমের অগ্রগতি, ভবিষ্যৎ পরিকল্পনা এবং সচেতনতামূলক কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এন ইসলাম মোহাম্মদ ফারুখের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় চলমান টিকাদান ক্যাম্পেইনের প্রতিবেদন উপস্থাপন করেন ডা. নিলয় মালাকার।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. জনি লাল রায়, ডা. ইব্রাহিম খলিল, ডা. আবরার মুহিত আহমেদ, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আজিজুল হক খোকন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবেদ হাসান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ জিলানীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় জানানো হয়, গত ২০ এপ্রিল থেকে জৈন্তাপুর উপজেলার ছয়টি ইউনিয়নের নির্ধারিত টিকাদান কেন্দ্রে হাম-রুবেলা টিকাদান কার্যক্রম শুরু হয়েছে, যা চলবে আগামী ১০ মে পর্যন্ত।
প্রতিবেদন অনুযায়ী, ৩ মে পর্যন্ত উপজেলার ২২ হাজার ৩২৯ জন শিশুকে হাম-রুবেলা টিকা প্রদান করা হয়েছে। এ কর্মসূচির মোট লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ২৭ হাজার ১০২ জন শিশু।
সভায় বক্তারা বলেন, হাম ও রুবেলা অত্যন্ত সংক্রামক রোগ। শিশুদের এই ঝুঁকি থেকে সুরক্ষিত রাখতে সরকার দেশব্যাপী বিশেষ এই টিকাদান কর্মসূচি বাস্তবায়ন করছে।
জৈন্তাপুর উপজেলার কোনো শিশু যেন টিকার বাইরে না থাকে, সে লক্ষ্যে জনপ্রতিনিধি, শিক্ষক, ইমাম, স্বাস্থ্যকর্মী ও সমাজসেবীদের সম্মিলিতভাবে কাজ করার জন্য সভায় আহ্বান জানানো হয়।
সভায় আরও জানানো হয়, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO), ইউনিসেফ (UNICEF) ও গ্যাভি (Gavi)-এর সহযোগিতায় বাংলাদেশ সরকার এ কর্মসূচি বাস্তবায়ন করছে।
সভা শেষে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ উপলক্ষে আয়োজিত কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
জৈন্তা বার্তা/আরআর




