ছবি সংগৃহীত
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তৃতীয় টার্মিনাল চালু হতে যাচ্ছে আগামী ৭ অক্টোবর। ওইদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই টার্মিনালের আংশিক উদ্বোধন করবেন। আংশিক উদ্বোধন হলেও যাত্রীরা টার্মিনাল ব্যবহার করতে পারবেন ২০২৪ সালের শেষের দিকে।
মঙ্গলবার (৮ আগস্ট) এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান বিষয়টি জানান। মফিদুর রহমান বলেন, ‘৮২ শতাংশ কাজ শেষ হয়েছে। আমাদের লক্ষ্যমাত্রা ছিল সাব-ওপেনিংয়ের আগে ৯০ শতাংশ কাজ শেষ করব। আশা করছি পরিকল্পনা অনুযায়ী কাজ শেষ হবে।’ করোনার সময়ও প্রকল্পটির কাজ বন্ধ রাখা হয়নি জানিয়ে তিনি বলেন, ‘আমরা এই প্রকল্পে ৭০০ কোটি টাকা সাশ্রয় করেছিলাম। আমাদের প্রকল্পের নির্ধারিত ছিল ১২টি বোর্ডিং ব্রিজ, ওই টাকা দিয়ে কিছু অংশ তৈরি করা হবে।’
২০১৯ সালের ৩০ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নির্মাণকাজের উদ্বোধন করেন। জাপানের মিতসুবিশি ও ফুজিতা এবং কোরিয়ার স্যামসংয়ের এভিয়েশন ঢাকা কনসোর্টিয়াম (এডিসি) এই টার্মিনালের নির্মাণ কাজ করছে। টার্মিনাল নির্মাণে ব্যয় ধরা হয়েছিল ২১ হাজার ৩০০ কোটি টাকা। এর মধ্যে ৫ হাজার কোটি টাকা বাংলাদেশ সরকার এবং বাকি অর্থ দেবে জাপানের আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা)।
F/A




