সকাল থেকে বন্ধ মেট্রোরেল
রবিবার, ৩১ মে ২০২৬, ০৬:২২ PM

সকাল থেকে বন্ধ মেট্রোরেল

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৯/০৮/২০২৩ ১১:৪৮:১৯ AM

সকাল থেকে বন্ধ মেট্রোরেল

ছবি: সংগ্রহীত


সকাল থেকে বন্ধ রয়েছে ঢাকার মেট্রোরেলের চলাচল। কারিগরি ত্রুটির কারণে বুধবার (৯ আগস্ট) সকাল সাড়ে ৯টা থেকে বন্ধ করে দেওয়া হয় মেট্রোরেল। এতে করে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। তবে ত্রুটি সারানোর পর মেট্রোরেল চলাচল স্বাভাবিক হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। 

মেট্রোরেল নির্মাণ ও পরিচালনার দায়িত্বে থাকা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের পরিচালক (অপারেশন) নাসির উদ্দিন জানান, বিদ্যুতের লাইনে কিছু পড়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এতে বিদ্যুতের সঞ্চালন বন্ধ হয়ে গেছে। কর্মীরা রেললাইন ধরে হেঁটে হেঁটে সমস্যার জায়গা খুঁজছেন।

গত সোমবার ট্র্যাকে কারিগরি সমস্যার কারণে নির্ধারিত সময় সকাল ৮টার পরিবর্তে ৮টা ৪০ মিনিটে চলাচল শুরু করে মেট্রোরেল। ৪০ মিনিট দেরিতে চালু হওয়ায় স্কুল-কলেজ ও অফিসগামী নিয়মিত যাত্রীরা তখন দুর্ভোগে পড়েন।

গত বছরের ২৮ ডিসেম্বর মেট্রোরেলের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরদিন ২৯ ডিসেম্বর থেকে বাণিজ্যিকভাবে যাত্রা শুরু করে মেট্রোরেল। এর পর থেকে মেট্রোরেল উত্তরা উত্তর (দিয়াবাড়ী) থেকে আগারগাঁও পর্যন্ত সরাসরি চলাচল করছে। 

এস.ডি