ছবি: সংগৃহীত
বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘ভারতে মানুষের ভোটের অধিকার আছে। লোকসভা নির্বাচনে তার প্রতিফলন দেখা গেছে। মোদির নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে ক্ষমতায় যাওয়ার স্বপ্নভঙ্গ করেছে জনগণ। পরিতাপের বিষয় হলো- আমাদের ভোটের অধিকার নেই, এই অধিকার ফিরিয়ে আনতে হবে।’
বুধবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে জাতীয়তাবাদী উলামা দলের উদ্যোগে জিয়াউর রহমানের ৪৩তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন তিনি। বিএনপি মহাসচিব বলেন, ‘গত ১৫ বছর ধরে বাংলাদেশের বুকে একটি দানব সরকার চেপে বসে আছে। তারা আমাদের নির্বাচনী ব্যবস্থা ধ্বংস করেছে। সব অর্জন ধবংস করেছে। এই সরকারকে সরাতে না পারলে আমাদের স্বাধীনতা-সার্বভৌমত্ব থাকবে না।’
ভোটের অধিকার ফিরে পেতে আন্দোলনের বিকল্প নেই উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘জনগণ যাতে নিজের পছন্দে প্রতিনিধি নির্বাচিত করতে পারে সে ব্যবস্থা নিশ্চিত করতে হবে।’ আলেমদের ওপর দমননীতি জারির অভিযোগ করে বিএনপি মহাসচিব বলেন, ‘আলেম-ওলামাদের কারাগারে বন্দি রেখে দেশকে ধর্মহীন রাষ্ট্র বানানোর চক্রান্ত হচ্ছে।’ অনুষ্ঠানে উলামা দলের নতুন নেতৃত্বকে সারাদেশে সংগঠন শক্তিশালী করার নিদের্শনা দেন বিএনপি মহাসচিব।
এস এইচ টি/




