ফাইল ছবি
সীমান্ত হত্যা নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রশ্ন তুলেছেন‘পৃথিবীর কোন দেশ আছে যে, সীমান্তে তার বন্ধু দেশের নাগরিকদের হত্যা করে।?’
বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নারী ও শিশু অধিকার ফোরামের উদ্যোগে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে অনুষ্ঠিত মানববন্ধনে এমন প্রশ্ন রাখেন তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সদ্য ভারত সফরে দুই দেশের মধ্যে চুক্তির সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, ‘আজকে বাংলাদেশের অস্তিত্ব বিপন্ন হয়ে পড়েছে। আপনারা দেখেছেন যে সমস্ত চুক্তি ও সমঝোতা করা হচ্ছে, এর কোনোটাই বাংলাদেশের পক্ষে নয়। পররাষ্ট্রমন্ত্রী নিয়োগ করা হয়েছে, তিনি আবার আমাদের সবক দেন যে, আমরা নাকি চুক্তি আর সমঝোতার মাঝে পার্থক্য বুঝি না। আমাদের তিনি পরামর্শ করার জন্য পরামর্শ দেন। আমি উনার কথা উত্তর দিতে চাই না। আমি শুধু একটা কথাই বলতে চাই দেশের সঙ্গে বেইমানি করবেন না। মানুষকে বোকা বানিয়ে তাদের ভুল বুঝিয়ে এমন চুক্তি ও সমঝোতা সই করবেন না, যেগুলোর আমার জনগণের স্বার্থের বিরুদ্ধে।’
সরকারের কাছে প্রশ্ন রেখে তিনি বলেন, ‘কী এনেছেন এবার ভারত থেকে? পানির কথা কোথাও নেই, যেটা আছে সেটা ভয়াবহ। সেটা হচ্ছে তিস্তা চুক্তির জন্য ভারত ভালো প্রস্তাব দিয়েছে, চীনও দিয়েছে। শেখ হাসিনা বলেছেন, দুটোর মধ্যে দেখব কোনটা ভালো হয়। আবার এ-ও বলেছেন, ভারত যে প্রস্তাব দিয়েছেন ভারতকে যদি কাজটা দিই, তাহলে পানির সমস্যার সমাধান হয়ে যাবে। আমরা তো সব বোকা মানুষগুলো এ দেশে বাস করি? পক্ষান্তরে আপনি যেটা করেছেন তিস্তার পানি বণ্টন সমস্যা, সেটা বাতিল করে দিলেন। অভিন্ন নদীগুলোর পানি বণ্টন সমস্যা, সমস্যা রইল না। এবার বাংলাদেশকে পুরোপুরি ভারতের কাছে জিম্মি করে দিচ্ছেন।’
সীমান্ত হত্যা প্রসঙ্গ টেনে বিএনপি মহাসচিব বলেন, ‘প্রতিদিন সীমান্তে বাংলাদেশি হত্যা করা হয়। গতকালও হত্যা করা হয়েছে। এ বিষয়ে আপনারা (সরকার) একটা কথাও বলেননি। আমাদের সরাসরি প্রশ্ন আপনাদের কাছেÑপৃথিবীতে কোন দেশ আছে... বন্ধু দেশ, একেবারে এত বন্ধু যে সম্পর্ক নাকি স্বামী-স্ত্রীর মতো। তাহলে কোন দেশ আছে তার সীমান্তে বন্ধুরা গুলি করে আমাদের নাগরিকদের হত্যা করে। এ বিষয়গুলোর জবাব দিতে হবে। আপনারা (সরকার) আত্মরক্ষার্থে যেসব কথা বলেন, এসব কথা বলে জনগণকে বোকা বানাতে পারবেন না।’
এস এইচ টি/




