ছবি: সংগ্রহীত
ঢাকায় র্যাবের হাতে আটক হয়েছেন হজযাত্রীদের ৩ কোটি টাকা আত্মসাৎকারী দলের মূলহোতা অহিদুল আলম ভূইয়া। হজে পাঠানোর নাম করে ৪৪ জনের কাছ থেকে এ টাকা আত্মসাৎ করেন তিনি।
রবিবার বিকেলে রাজধানীর শেরেবাংলা নগরে যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র্যাব-২ ও র্যাব-৯। সোমবার (১৪আগস্ট) গ্রেফতারের বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন র্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) শিহাব করিম।
গ্রেপ্তারকৃত অহিদুল আলম নরসিংদীর মনোহরদী উপজেলার মৃত আফতাব উদ্দিন ভূইয়ার ছেলে।
র্যাব সূত্র জানিয়েছে, ২০২৩ সালে হজ পালনে সৌদি আরবে পাঠানোর জন্য রাজধানীর কুড়িল এলাকার সাজিদ ট্যুরস অ্যান্ড ট্রাভেলস এজেন্সির মালিক অহিদুল আলম ভূঁইয়া, তার ছেলে সাজিদুল ইসলাম ও শ্যালক মো. শফিকুল ইসলাম ৪৪ জনের কাছ থেকে বিভিন্ন অঙ্কের টাকা নিয়ে হজে না পাঠিয়ে প্রায় তিন কোটি টাকা আত্মসাৎ করেন। এর পর আত্মগোপনে চলে যান তারা।
হজের টাকা আত্মসাতের অভিযোগে ভুক্তভোগীরা সিলেটসহ দেশের বিভিন্ন থানায় পাঁচটির বেশি মামলা দায়ের করেন। ঘটনাটি সিলেটসহ দেশব্যাপী বিভিন্ন মিডিয়া ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। এরই প্রেক্ষিতে র্যাব এ ঘটনার ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করে।
গোপন তথ্যের ভিত্তিতে র্যাব-২ এর একটি আভিযানিক দল র্যাব-৯ এর তথ্য সহায়তায় রবিবার বিকালে রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় অভিযান চালিয়ে অহিদুল আলম ভূইয়াকে (৫০) গ্রেপ্তার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি টাকা আত্মসাতের কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে র্যাব।
এস.ডি




