১৭ আগস্ট সিরিজ বোমা হামলা, এখনও চলমান ৪১টি মামলা
রবিবার, ৩১ মে ২০২৬, ০৭:৫৬ PM

১৭ আগস্ট সিরিজ বোমা হামলা, এখনও চলমান ৪১টি মামলা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৭/০৮/২০২৩ ০৩:৩৮:২৭ AM

১৭ আগস্ট সিরিজ বোমা হামলা, এখনও চলমান ৪১টি মামলা

ছবি: সংগৃহীত


২০০৫ সালের ১৭ আগস্ট দেশের ৬৩ জেলায় একযোগে সিরিজ বোমা হামলা চালিয়েছিল জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি)। সেই ঘটনার দেড় যুগ পেরিয়ে গেলেও এখনো সেই ঘটনায় হওয়া মামলার বিচার শেষ হয়নি।

জেএমবির সিরিজ বোমা হামলার ঘটনায় দুই জন নিহতসহ আহত হয়েছিলেন ১০৪ জন। একযোগে হামলার মাধ্যমে দেশে নিজেদের সংঘবদ্ধ উপস্থিতির ঘোষণা করেছিল জঙ্গিরা। হামলার সময় জেএমবির পক্ষ থেকে একটি লিফলেটও ছড়িয়ে দেওয়া হয়। যদিও ১৯৯৮ সালে কার্যক্রম শুরু করে জেএমবি। আইন-শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানান, ওই ঘটনায় সারাদেশে ১৫৯টি মামলা হয়েছিল। এরমধ্যে ১৪২টি মামলায় অভিযোগপত্র দেয় পুলিশ ও ১৭টি মামলার চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হয়।

তদন্ত শেষে এসব মামলায় ১,১৩১ জনের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়। বিভিন্ন সময় গ্রেপ্তার করা হয় ১,০২৩ জনকে। গত ১৮ বছরে ১১৮টি মামলার রায় হয়েছে। এসব রায়ে বিভিন্ন মেয়াদে ৩২২ জনকে সাজা দেন আদালত। খালাস পেয়েছেন ৩৫৮ জন। জেএমবির আমির শায়খ আবদুর রহমান, শীর্ষ নেতা সিদ্দিকুল ইসলাম ওরফে বাংলা ভাই ও আতাউর রহমান সানিসহ ১৫ শীর্ষ জঙ্গির ফাঁসি কার্যকর করা হয়। এখনো ৪১ মামলার বিচার শেষ হয়নি।

রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বলছেন, সাক্ষী না পেয়ে গত কয়েক বছর ধরে বেশ কিছু মামলার কার্যক্রম থমকে আছে। আবার বিভিন্ন বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে শতাধিক আপিল শুনানি চলছে।

ঢাকা মহানগর আদালত সূত্র জানায়, ঢাকা মহানগর এলাকায় ওই বোমা হামলার ঘটনায় ১৮টি মামলা হয়। এই ১৮টি মামলায় পুলিশ ও র‌্যাব ৯১ জনকে গ্রেপ্তার করে। ৫৬ জনের বিরুদ্ধে পুলিশ চার্জশিট দেয়। ১৪টি মামলার বিচার কার্যক্রম শেষ হলেও বর্তমানে ৪টি মামলা বিচারাধীন। এগুলো সাক্ষ্য গ্রহণ পর্যায়ে রয়েছে।

পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, বিচারাধীন মামলাগুলোতে যারা সাক্ষী ছিলেন তাদের অনেককে আগের সেই ঠিকানায় খুঁজে পাওয়া যাচ্ছে না। অনেকে মারা গেছেন, কেউ কেউ এলাকা ছেড়ে চলে গেছেন। এ জন্য পুরোনো এসব মামলার সাক্ষীদের আদালতে হাজির করাটা চ্যালেঞ্জিং।

এম. এইচ. এ



শীর্ষ সংবাদ: