ছবি: সংগ্রহীত
মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু কারাদণ্ড পাওয়া জামাত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুতে শোক প্রকাশ করে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ায় সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলা, তাহিরপুর, ছাতক উপজেলাসহ সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের ১৫ নেতাকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
রবিবার (২০ আগস্ট) রাতে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি দীপঙ্কর কান্তি দে ও সাধারণ সম্পাদক আশিকুর রহমান রিপন।প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সংগঠনের শৃঙ্খলা, নীতি ও আদর্শ বিরোধী কাজে লিপ্ত থাকায় ১৫ ছাত্রলীগ কর্মীকে অব্যাহতি দিয়েছে সুনামগঞ্জ জেলা ছাত্রলীগ।
অব্যাহতিপ্রাপ্ত ছাত্রলীগ নেতারা হলেন -সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সহ সভাপতি আবু তাহের নীরব, সজীবুল করিম সাদ্দাম, আকছার ইবনে আজিজ পাঠান। ধর্ম বিষয়ক সম্পাদক নূর মোহাম্মদ রুবেল, উপ তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ফকরুল হাসান জেনিস, উপ কৃষি বিষয়ক সম্পাদক মাহিন আহমেদ লোকমান, উপ বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রবিউল আওয়াল, সহ সম্পাদক রিফাতুল হাসান হৃদয়। সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সদস্য এম এ মোক্তাদির আহমেদ।
এছাড়া সুনামগঞ্জের ছাতক উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক শিপলু আহমেদ, জামালগঞ্জ উপজেলা ছাত্রলীগের সদস্য কাশেম পারভেজ জয়। তাছাড়া সুনামগঞ্জ তাহিরপুর উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি মোজাম্মিল হক, যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফুর রহমান সোহাগ ও মোহাম্মদ মোস্তফা এবং দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফসার হাসান মুন্না।
সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিকুর রহমান রিপন জৈন্তাবার্তাকে বলেন, যারা ছাত্রলীগ তার আদর্শিক জায়গা থেকে মনে করে, এ রকম কারও দায়িত্বে থাকার কোনো সুযোগ নেই। তাই এমন ১৫ জন চিহ্নিত করে কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী এদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এই ১৫ জনকে স্থায়ীভাবে বহিস্কারের জন্য কেন্দ্রীয় কমিটির কাছে সুপারিশ পাঠানো হয়েছে। এ জাতীয় ঘটনায় যদিও আরও কেউ করে থাকে, তাহলে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে।
এস.ডি




