ছবি: সংগৃহীত
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শুক্রবার ছাত্রলীগ আয়োজিত ছাত্র সমাবেশে উপস্থিত হয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বেলা সাড়ে তিনটার দিকে সমাবেশের মঞ্চে উপস্থিত হন আওয়ামী লীগ সভাপতি। এর আগে বৃষ্টি উপেক্ষা করে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হতে শুরু করেছেন ছাত্রলীগের নেতা-কর্মীরা।
এ সময় নেতা-কর্মীরা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘শেখ হাসিনা সরকার, বার বার দরকার’ ও ‘বিএনপি-জামায়েতের কালো হাত, ভেঙে দাও’ স্লোগানে মুখর হয়ে উঠে সমাবেশস্থল।
সমাবেশে প্রধানমন্ত্রী বর্তমান প্রেক্ষাপটে তরুণদের দিকনির্দেশনা দেওয়ার পাশাপাশি দেশবাসীর উদ্দেশে বার্তা দেবেন বলে জানান আয়োজকরা। এতে সভাপতিত্ব করবেন ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন।
আনুষ্ঠানিকভাবে শুক্রবার বিকেল ৩টায় এ সমাবেশ শুরু হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে এ সমাবেশে ভাষণ দেবেন।
সোহরাওয়ার্দী উদ্যানের আশপাশ ঘুরে দেখা যায়, নেতা-কর্মীরা দুপুর ১২টার আগ থেকেই সমাবেশস্থলে প্রবেশ শুরু করেন। উদ্যানের কালী মন্দির গেট, বাংলা একাডেমির সামনের গেট ও টিএসসির গেট দিয়ে ছোট ছোট মিছিল নিয়ে নেতা-কর্মীদের প্রবেশ করতে দেখা যায়।
বেলা সাড়ে ১১টার দিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে কয়েক হাজার শিক্ষার্থী কালী মন্দিরের গেট দিয়ে উদ্যানে প্রবেশ করেন। এ ছাড়া ঢাকা মহানগরের বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরাও ছোট ছোট মিছিল নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে ঢোকেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির গেটের চারপাশে ছোট মিছিল নিয়ে অবস্থান করতে দেখা যায় নেতা-কর্মীদের। অনেকে সমাবেশস্থলে প্রবেশ না করলেও মাঠের চারপাশে অবস্থান করেন।
এম. এইচ. এ




