আজ উদ্বোধন হচ্ছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে
রবিবার, ৩১ মে ২০২৬, ১০:০০ PM

স্বস্তির আশায় যাত্রীরা

আজ উদ্বোধন হচ্ছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০২/০৯/২০২৩ ১২:৩৮:২১ PM

আজ উদ্বোধন হচ্ছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে

উদ্বোধনের অপেক্ষায় এলিভেটেড এক্সপ্রেসওয়ে ছবি: সংগ্রহীত


রাজধানী ঢাকাকে যানজটমুক্ত করতে একের পর এক পদক্ষেপ গ্রহণ করেছে বর্তমান সরকার। যার মধ্যে অন্যতম একটি ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে। শনিবার (২ সেপ্টেম্বর) এক্সপ্রেসওয়ের প্রথম অংশ এয়ারপোর্ট থেকে ফার্মগেট পর্যন্ত উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


এটি চালু হলে বিমানবন্দরের দক্ষিণে কাওলা থেকে ফার্মগেট পর্যন্ত আসতে সময় লাগবে মাত্র ১০ থেকে ১৫ মিনিট। যোগাযোগের নতুন এই সুবিধা যানজটের শহরে ভোগান্তি কমাবে বলে মনে করছেন যাত্রীরা।


তারা বলছেন, সড়কপথে বিমানবন্দর থেকে ফার্মগেট যেতে সাধারণত আধা ঘণ্টা থেকে এক ঘণ্টা লেগে যায়। সড়কে গাড়ির চাপ বেশি থাকলে কখনো কখনো দেড়-দুই ঘণ্টা বা তারও বেশি লেগে যায়। সেখানে ১২ বা ১৫ মিনিটে এই পথে গন্তব্যে যাওয়া যেন স্বপ্নের মতো!


ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের উদ্বোধনকে সামনে রেখে বিমানবন্দর থেকে ফার্মগেটে নিয়মিত যাতায়াত করা যাত্রীরা উদ্বোধনের অপেক্ষায় আছেন। তারা বলছেন, রাজধানীর যেসব রুটে সবচেয়ে বেশি যানজট হয়, তার মধ্যে এয়ারপোর্ট থেকে ফার্মগেট রুট অন্যতম। এই রুটে প্রতিদিন যাতায়াতের সময় কম-বেশি ভোগান্তিতে পড়তে হয় তাদের। এমন বাস্তবতায় ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে সময় বাঁচাবে, স্বস্তি বয়ে আনবে, জীবনে গতিশীলতা আনবে বলে আশা করছেন তারা। তবে এই এক্সপ্রেসওয়েতে টোল থাকায় ভাড়া কত বাড়বে, সেটি নিয়ে চিন্তার কথা জানিয়েছেন অনেক যাত্রী।


কাওলায় বসবাস করা মহিবুল আলম একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। প্রতিদিন ফার্মগেট দিয়ে যাতায়াত করেন তিনি। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের চালু হলে মানুষের ভোগান্তি অনেকাংশেই কমে যাবে বলে মনে করেন তিনি। মহিবুল আলম বলেন, “আমাদের মতো যারা তরুণ, তারা সময় আর ভোগান্তি এড়িয়ে চলতে চান। টাকার ব্যাপারে কম চিন্তা করেন। এক্ষেত্রে এই এক্সপ্রেসওয়ে সুফল দেবে বলেই আশা করি।”


টোলের পরিমাণ নিয়ে আরশাদুল ইসলাম নামে আরেকজন যাত্রী বলেন, “ভালো সার্ভিস নিতে হলে আপনাকে ভালো চার্জ দিতে হবে এটাই স্বাভাবিক। প্লেনের ইকোনমিক ক্লাসের থেকে বিজনেস ক্লাসের ভাড়া এ কারণেই বেশি হয়। তবে অবশ্যই সাধারণ মানুষের আয়ত্বের মধ্যে যেন থাকে সেটা খেয়াল রাখতে হবে। না হলে সবার ওপর চাপ বেড়ে যাবে।”


গত ১৪ আগস্ট রাজধানীর সেতু ভবনে এক সংবাদ সম্মেলনে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, “এয়ারপোর্ট থেকে ফার্মগেট পর্যন্ত আসতে সময় লাগবে ১০ মিনিট। তবে পথচারী ও বাইসাইকেল এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওপর চলবে না। আপাতত মোটরসাইকেলও চলাচল করবে না।”


এই রোটে চলাচলকারী শিক্ষার্থীরা বলছেন, “এক্সপ্রেসওয়ে চালু হলে যে সুবিধা হবে তাতে কোনও সন্দেহ নেই। আর পুরোপুরি চালু হলে আমাদের জন্য অনেক বেশি সুবিধা হবে। কারণ আমরা প্রতিদিন জুরাইন থেকে কাওলা এসে ক্লাস করতে হয়। আমার আসতে অনেক সময় লেগে যায়, অনেক সময় ক্লাস মিসও করে ফেলি। তবে এটার যে চার্জ (টোল) সেটা যেন সবার সাধ্যের মধ্যে থাকে সেটা সরকারের দেখা উচিত। কারণ চার্জ বেশি হলে সবার জন্য সুবিধা হবে না। তাই সবার যাতে সুবিধা হয় সে দিকটা যেন দেখা হয়।”


এস.ডি



শীর্ষ সংবাদ: