সিলেট অভিমুখী বিএনপির রোডমার্চ শুরু, নেতাকর্মীদের ঢল
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১১:৪০ AM

সিলেট অভিমুখী বিএনপির রোডমার্চ শুরু, নেতাকর্মীদের ঢল

উত্তরণ দাস জয়, বিশ্বম্ভরপুর প্রতিনিধি

প্রকাশিত: ২১/০৯/২০২৩ ১১:৪১:২৬ AM

সিলেট অভিমুখী বিএনপির রোডমার্চ শুরু, নেতাকর্মীদের ঢল

ফাইল ছবি


সরকার পতনের একদফা দাবিতে ভৈরব থেকে সিলেট অভিমুখে রোডমার্চ শুরু করেছে বিএনপি। আজ বৃহস্পতিবার সকাল ১১টা ২০ মিনিটে ভৈরব বাসস্ট্যান্ডে উদ্বোধনী সমাবেশের পর ১৬০ কিলোমিটার দীর্ঘ পথে রোডমার্চ শুরু হয়।

বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরীফুল আলমের সভাপতিত্বে উদ্বোধনী সমাবেশে বক্তব্য দেন, দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ও আমীর খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এজেডএম জাহিদ হোসেন,  চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, হাবিব-উন নবী সোহেল, সাংগঠনিক সম্পাদক এমরান সালেহ প্রিন্স, যুবদল সভাপতি সুলতান সালাহউদ্দিন টুকু, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী, ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবাল খান প্রমুখ।

এদিকে, রোডমার্চ শুরুর আগেই লোকারণ্য হয়ে পড়ে ভৈরব বাসস্ট্যান্ড এলাকা। নেতাকর্মীদের ঢল ছড়িয়ে যায় এলাকায়। রোডমার্চে বিপুল সংখ্যক নেতাকর্মী বাস, ট্রাক, মাইক্রোবাস, মোটরসাইকেল নিয়ে যোগ দেন।  রোডমার্চ শুরুর পর ভৈরব ব্রিজ, আশুগঞ্জ পার হয়ে সিলেটের দিকে এগিয়ে যায়।

স্থানীয় নেতারা জানান, সকালে ভৈরব বাসস্ট্যান্ড থেকে রোডমার্চ শুরু হয়ে ব্রাহ্মণবাড়িয়ার বিশ্বরোড, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ ও মৌলভীবাজারের শেরপুর হয়ে বিকেলে সিলেটে পৌঁছাবে। বিকেলে নগরের আলিয়া মাদরাসা ময়দানে রোডমার্চ পরবর্তী সমাবেশ অনুষ্ঠিত হবে।

সিলেট আলীয়া মাঠে রোড মার্চ পরবর্তী সমাবেশের অনুমতি দেয়নি সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। তাই পুলিশি বাধার আশঙ্কাও করা হচ্ছে।

যদিও এর মধ্যেই সব ধরনের প্রস্তুতি শেষ করেছে স্থানীয় বিএনপি। জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে আয়োজিত এ সমাবেশ শুরু হবে বিকেল ৪টায়। এতে অন্তত ৫০ হাজার মানুষের সমাগম ঘটাতে চেষ্টা করছে বিএনপি।

স্থানীয় নেতারা জানিয়েছেন, রোডমার্চ কর্মসূচিতে নেতৃত্ব দিচ্ছেন দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ও আমীর খসরু মাহমুদ চৌধুরী।

বিএনপির একটি সূত্র জানায়, নগরের আলিয়া মাদরাসা মাঠে সমাবেশ করতে এসএমপি পুলিশকে অবহিত করে সহযোগিতা চেয়ে লিখিত আবেদন করা হয়েছে গত সোমবার। কিন্তু পুলিশের তরফ থেকে বিএনপিকে কোনো উত্তর দেওয়া হয়নি।

সিলেটে সমাবেশ সফলে ও পর্যাপ্ত লোকসমাগম নিশ্চিত করতে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনগুলো প্রস্তুতি হিসেবে গতকাল বুধবার (২০ সেপ্টেম্বর) নগর ও উপজেলাগুলোয় দিনভর লিফলেট বিতরণ, খণ্ড বৈঠক ও মাইকিং করা হয়েছে। এছাড়া একটি রেস্তোরাঁয় বৈঠক করে দলের সব পর্যায়ের নেতাকর্মীদের প্রয়োজনীয় দিক-নির্দেশনা দেওয়া হয়।

সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী বলেন, রোডমার্চ ও সমাবেশ সফল করতে সিলেটে বিএনপির ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা প্রস্তুতিমূলক বৈঠক, গণসংযোগ, লিফলেট বিতরণ, মাইকিংসহ প্রচারণামূলক নানা কর্মসূচি পালন করছেন।

এ বিষয়ে সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী বলেন, রোডমার্চ ও সমাবেশ সফলে মঞ্চ তৈরিসহ সব ধরনের প্রস্তুতি রয়েছে। রোডমার্চ পরবর্তী সমাবেশ ঘিরে সর্বোচ্চসংখ্যক মানুষের উপস্থিতি থাকবে।

সমাবেশ ঘিরে পুলিশি বাধার আশঙ্কা নিয়ে কাইয়ুম বলেন, বিএনপি শান্তিপূর্ণ আন্দোলনে সংগ্রামে বিশ্বাসী। সরকারের পদত্যাগ না হওয়া পর্যন্ত বিএনপি সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাবে। রোডমার্চ সমানে রেখে পুলিশ এখন পর্যন্ত কোনো বাঁধা দেয়নি। তারপরও আমাদের একটি আশঙ্কা থেকে যায়।

জানা গেছে, সকাল ১০টায় কিশোরগঞ্জের ভৈরব পৌর শহরে সংক্ষিপ্ত সমাবেশ করে রোডমার্চ শুরু করে বিএনপি। রোডমার্চে বাস, মিনিবাস, প্রাইভেট কার, মাইক্রোবাসসহ বিভিন্ন যানবাহন রয়েছে। প্রতিটি যানবাহনেই বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা অবস্থান করছেন।

রোডমার্চের অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়ার বিশ্বরোড মোড়ে, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ এবং মৌলভীবাজারের শেরপুরে সমাবেশ হবে। সর্বশেষ সমাবেশটি হবে সিলেট নগরের চৌহাট্টা আলিয়া মাদরাসা মাঠে।

সিলেটের পর ২৩ সেপ্টেম্বর বরিশাল থেকে পটুয়াখালী, ২৬ সেপ্টেম্বর খুলনা বিভাগে, ১ অক্টোবর ময়মনসিংহ থেকে কিশোরগঞ্জ  এবং ৫ অক্টোবর কুমিল্লা থেকে চট্টগ্রাম পর্যন্ত রোডমার্চ করবে বিএনপি।

SH



শীর্ষ সংবাদ:

স্বর্ণ খাতকে সাদা অর্থনীতিতে আনতে চায় সরকার: বাণিজ্যমন্ত্রী মুক্তাদির
তারেক রহমানের সিলেট সফর ঘিরে মহানগর স্বেচ্ছাসেবক দলের মিছিল
প্রধানমন্ত্রীর সিলেট সফরকে কেন্দ্র করে নগরীতে ড্রোন ও উড়োজাহাজ উড্ডয়নে নিষেধাজ্ঞা জারি
বরাম হাওরে বোরো ধান কাটার অগ্রগতি পরিদর্শনে সুনামগঞ্জের জেলা প্রশাসক
প্রধানমন্ত্রী তারেক রহমানের সিলেট আগমন ঘিরে মহানগর ছাত্রদলের স্বাগত মিছিল
রেজিস্ট্রেশনবিহীন অনলাইন নিউজ পোর্টাল ব*ন্ধে এসএমপির ৪৮ ঘণ্টার আল্টিমেটাম
টানা বৃষ্টিতে মৌলভীবাজারে জলাবদ্ধতা, হাওরে তলিয়েছে শতাধিক হেক্টর ফসল
সয়াবিন তেলের দাম লিটারে ৪ টাকা বৃদ্ধি, নতুন দর কার্যকর আজ থেকেই
সিলেটে পুলিশের অ-ভিযানে ৪৩ জন গ্রে-প্তার
মৌলভীবাজারে ব-ন্যা, ঝুঁ-কিতে সিলেট, হবিগঞ্জ ও সুনামগঞ্জ