ফাইল ছবি
যুক্তরাষ্ট্রের ভিসানীতিতে পুলিশের উপর প্রভাব পড়বে না বলে মনে করেন এ বাহিনীর প্রধান, মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। তিনি বলেছেন, ‘মার্কিন ভিসানীতির কারণে পুলিশ ইমেজ (ভাবমূর্তি) সংকটে পড়বে, এমনটি আমি মনে করছি না।’
সোমবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর তোপখানা রোডে ট্যুরিস্ট পুলিশ সদর দপ্তরে সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
সাম্প্রতিক বিভিন্ন সংঘর্ষের সময় অস্ত্র প্রদর্শিত হয়েছে উল্লেখ করে আইজিপির কাছে জানতে চাওয়া হয়, জাতীয় নির্বাচনে এই অস্ত্র কোনো প্রভাব ফেলবে কি না? জবাবে চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘জাতীয় নির্বাচনে আমরা আমাদের দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারব বলে দৃঢ়ভাবে বিশ্বাস করি।’ নির্বাচনের আগে অস্ত্র উদ্ধারে বিশেষ কোনো অভিযান পরিচালিত হবে কি না, এমন প্রশ্নে আইজিপি বলেন, ‘আমরা যথাসময়ে এটা করব। তবে কৌশলগত কারণে এটা আমরা এখন বলছি না।’
ঢাকার রাজপথে প্রকাশ্যে সন্ত্রাসীদের গুলিতে একটি প্রতিষ্ঠানের আইনি পরামর্শক ভুবন চন্দ্র শীলের (৫২) মৃত্যু, ব্যাংক থেকে পুলিশের ডাকাতি- এসব ঘটনার প্রসঙ্গে জানতে চাইলে চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘যখনই কোনো ঘটনা ঘটে, আমরা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা গ্রহণ করি। পুলিশের কোনো সদস্য জড়িত থাকলে তাকেও আমরা ছাড় দিই না। প্রতিটি ঘটনা তদন্ত করে আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করি।’
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে আইজিপি দাবি করেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে রয়েছে। সন্ত্রাসী যে-ই হোক, কাউকে আমরা ছাড় দিচ্ছি না।’
নির্বাচন ঘনিয়ে আসছে, দেশে ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ রয়েছে কি না- এমন প্রশ্নের উত্তরে চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘নির্বাচন আসছে। নির্বাচন আয়োজনের দায়িত্ব নির্বাচন কমিশনের। নির্বাচনকালীন কমিশন আমাদের যে দায়িত্ব দেবে, সেই দায়িত্ব আমরা যথাযথভাবে পালন করব।’
প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর গত শুক্রবার বাংলাদেশে গণতান্ত্রিক নির্বাচনপ্রক্রিয়ায় বাধাদানকারী ব্যক্তিদের ভিসা প্রদানে বিধিনিষেধ আরোপের পদক্ষেপ নেওয়া শুরু করার ঘোষণা দিয়েছে।
SH




