গ্রেটার সিলেট কমিউনিটি নর্থ ওয়েস্ট রিজিয়নের কমিটির অভিষেক
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৯:৩২ AM

গ্রেটার সিলেট কমিউনিটি নর্থ ওয়েস্ট রিজিয়নের কমিটির অভিষেক

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২১/১১/২০২৫ ০৩:০০:২৯ PM

গ্রেটার সিলেট কমিউনিটি নর্থ ওয়েস্ট রিজিয়নের কমিটির অভিষেক


বিপুল উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে নর্থ ওয়েস্ট রিজিওনের বর্ণাঢ্য অভিষেক অনুষ্ঠান ও ডিনার পার্টি গত বুধবার (১৯ নভেম্বর) রাত ৭টায় ওল্ডহামের দি গ্রান্ড ভ্যানুতে সফলভাবে সম্পন্ন হয়েছে। 

সংগঠনের রিজিওনাল চেয়ারম্যান নাজমুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মীর গোলাম মোস্তফার পরিচালনায় অনুষ্ঠানের শুরুতেই নবগঠিত কার্যকরী কমিটি ও উপদেষ্টা পরিষদকে অভিষিক্ত এবং শপথ পাঠ করান গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে'র কেন্দ্রীয় কনভেনর কমিউনিটি লিডার ও সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুর। 

বর্ণাঢ্য অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ম‍্যানচেস্টারস্থ বাংলাদেশ হাইকমিশনের সহকারী হাইকমিশনার মোহাম্মদ জুবায়েদ হোসেন। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠণের পেট্রন সাংবাদিক ও কমিউনিটি ব্যক্তিত্ব কে এম আবু তাহের চৌধুরী, গ্রেটার সিলেট এর সাবেক সেক্রেটারি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আব্দুল ক্বাইউম কয়ছর, সংগঠনের কেন্দ্রীয় কো-কনভেনর মাসুদ আহমদ, সংগঠনের ট্রেজারার কাউন্সিলার আশরাফ মিয়া, ওল্ডহাম কাউন্সিলের ডেপুটি লিডার কাউন্সিলর আব্দুল জব্বার ওবিই ,ওয়রিংটন কাউন্সিলের সিভিক মেয়র কাউন্সলার মোয়াজ্জেম হোসেন, টেমস সাইড কাউন্সিলের সিভিক মেয়র কাউন্সিলর শিবলী আলম, ডেপুটি লর্ড লেফটেন্যান্ট আলী আকবর ওবিই, কিথলি কাউন্সিলের সাবেক লর্ড মেয়র কাউন্সিলর ফুলজার হোসেন, কাউন্সিলর মোহন আলী, কাউন্সিলর আব্দুল মালিক, বীর মুক্তিযোদ্ধা ড. নজরুল ইসলাম, সুরাবুর রহমান ও সৈয়দ মুজিবুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ। 

পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন বদরুল ইসলাম রফু। সভায় রিজিওনাল নেতৃবৃন্দের মধ‍্যে বক্তব‍্য দেন সংগঠনের ট্রেজারার সুহেল মিয়া, উপদেষ্টা গনি চৌধুরী, রুহেল আমিন রুহেল, আব্দুল মান্নান মনাফ, সৈয়দ সাদেক আহমেদ, শেখ জাফর আহমেদ, শিপার মিয়া, মুজিবুর রহমান, সৈয়দ মোহাম্মদ কাহের, আনছার উদ্দিন, আব্দুর রুউফ তালুকদার ও এনামুল হকসহ অন্যান্য নেতৃবৃন্দ। 

অনুষ্ঠানের এক বিশেষ মুহূর্তে হাইকমিশনার মোহাম্মদ জুবায়েদ হোসেন ও বিশেষ অতিথির মাধ্যমে সংগঠনের প্রকাশিত বার্ষিক ম্যাগাজিনের উদ্বোধন করা হয়। এছাড়াও অনুষ্ঠানে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে নর্থ ওয়েস্ট রিজিয়ন কর্তৃক আয়োজিত ক্রীড়া প্রতিযোগিতা ও ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয় এম এ ফাইটার রচডেল দল।

প্রধান অতিথি সহকারী হাইকমিশনার মোহাম্মদ জুবায়েদ হোসেন সংগঠনের কার্যক্রমের ভূয়সী প্রশংসা করে প্রবাসীদের দাবি-দাওয়ার ব্যাপারে   একটি প্রতিনিধিদল নিয়ে হাইকমিশনে আসার আমন্ত্রণ জানান। 

বিশেষ অতিথি সংগঠনের পেট্রন সাংবাদিক ও কমিউনিটি ব্যক্তিত্ব কে এম আবু তাহের চৌধুরী তার বক্তব্যে সিলেট আর্ন্তজাতিক বিমানবন্দরকে পুর্ণাঙ্গ বিমানবন্দরে রূপদান, ঢাকা-সিলেট ননস্টপ ট্রেন সার্ভিস চালু ও ডবল লাইনে উন্নীতকরণ ও ঢাকা-সিলেট মহাসড়কের উন্নয়নকাজ দ্রুতগতিতে সম্পন্ন করার জোর দাবি জানান। 

তিনি বলেন, আমাদের রেমিট্যান্সের টাকায় দেশের অর্থনীতি সচল হয়। কিন্তু আমরা সিলেটবাসী প্রতি মুহূর্তে প্রশাসনিক অবহেলায় বঞ্চনার শিকার হচ্ছি। এটা কোনো অবস্থাতেই মেনে নেওয়া হবে না। 

গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে'র কেন্দ্রীয় কনভেনর কমিউনিটি লিডার ও সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুর সবাইকে এই সংগঠনের সাথে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়ে নতুন কমিটি আগামী দুই বছর লোকাল কমিউনিটির উন্নয়নে ও প্রবাসে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে এবং গ্রেটার সিলেটবাসীর দাবি-দাওয়ার ক্যাম্পেইনে ও মানবতার কল্যাণে কমিউনিটির মুখপাত্র হিসেবে কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন। 

সভাপতির সমাপনী বক্তব্যে মো. নাজমুল ইসলাম বলেন, গ্রেটার সিলেটের মানুষদের মধ্যে ঐক্য, সহযোগিতা ও সংস্কৃতি বিকাশের জন্যই এই সংগঠনের যাত্রা শুরু হয়েছে। তিনি সিলেট বিভাগের অবহেলিত এলাকা, অবকাঠামোগত দুরবস্থা ও প্রবাসীদের প্রশাসনিক জটিলতার নানা সমস্যা তুলে ধরেন এবং সকলকে উপস্থিত থাকার জন্য ধন্যবাদ জানান।

সভায় ইউকে বিডি টিভির চেয়ারম্যান ও সংগঠনের কেন্দ্রীয় কনভেনর সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুরের লিখিত প্রস্তাবে ঢাকা-সিলেট মহাসড়কের ছয় লেন প্রকল্প দ্রুত সম্পন্ন, এয়ারপোর্টে প্রবাসীদের নানা ধরনের হয়রানি বন্ধ, সিলেট ওসমানী বিমানবন্দরে অন্যান্য আন্তর্জাতিক ফ্লাইট চালু, হাইকমিশনে নো-ভিসা ফি ও বিমানের ভাড়া কমানোর জোর দাবি জানান। 

সভায় ট্রেন লাইনের সংস্কার ও উন্নতিকরণ, ডিসেম্বর মাসে বিমানের ভাড়া হ্রাস ও সিলেটের প্রতি বৈষম‍্য দূরীকরণের দাবি জানানো হয়। দাবি না মানলে অচিরেই বাংলাদেশে রেমিট‍্যান্স বন্ধ ও বিমান বয়কটের ডাক দেওয়া হবে বলে ঘোষণা করা হয়।

বক্তারা সতর্ক করে বলেন, ঢাকা-সিলেট মহাসড়ক, রেলওয়ে ও বিমানপথে চলমান জনদুর্ভোগ চরমে পৌঁছেছে। দীর্ঘদিন ধরে অবহেলিত এই অঞ্চলের জনগণ প্রতিদিন নানামুখী ভোগান্তির শিকার হচ্ছেন।

সিলেট বিভাগে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও ন্যায্য দাবি-দাওয়া বাস্তবায়নে যদি সময়মতো কার্যকর ব্যবস্থা না নেওয়া হয়, তবে সিলেটবাসী ন্যায্য অধিকার আদায়ে রেমিট্যান্স পাঠানো বন্ধসহ বিশ্বময় কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন বক্তারা। 

সংগঠনকে এগিয়ে নিতে সকলের সহযোগিতা প্রত্যাশা করেছেন নতুন কমিটির নেতৃবৃন্দ।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ: