বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সিলেট সফরের সূচি চূড়ান্ত করা হয়েছে। দলীয় সূত্রের তথ্য অনুযায়ী, আগামী ২১ জানুয়ারি রাতে তিনি সিলেটে পৌঁছাবেন। পরদিন ২২ জানুয়ারি হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারতের মধ্য দিয়ে তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শুরু করবেন।
হজরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করা দলের একটি দীর্ঘদিনের রাজনৈতিক রীতি। অতীতে বিএনপির প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়াও এভাবেই প্রচার কার্যক্রম শুরু করতেন। এবারও সেই ধারাবাহিকতা বজায় রাখছে দলটি।
সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী জানান, মাজার জিয়ারত শেষে তারেক রহমান সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জে তিনটি পৃথক নির্বাচনী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন। এর মধ্যে সিলেটের সমাবেশে সুনামগঞ্জ জেলার নেতা-কর্মীরা অংশ নেবেন।
এদিকে, বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণের পর ঢাকার বাইরে এটিই তারেক রহমানের প্রথম সফর। এই সফরের মধ্য দিয়েই তিনি সরাসরি নির্বাচনী প্রচার কার্যক্রমে অংশ নেবেন।
জানা গেছে, ২১ জানুয়ারি আকাশপথে সিলেটে পৌঁছানোর পর ২২ জানুয়ারি সকালে মাজার জিয়ারত শেষে বেলা ১১টায় তিনি সিলেট নগরের চৌহাট্টা এলাকার আলিয়া মাদ্রাসা মাঠে নির্বাচনী জনসভায় যোগ দেবেন। ওই জনসভায় সিলেট ও সুনামগঞ্জ জেলার বিএনপির মনোনয়নপ্রাপ্ত সংসদ সদস্য প্রার্থীসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত থাকবেন। জনসভা শেষে তারেক রহমান সড়কপথে ঢাকার উদ্দেশে রওনা দেবেন। পথে তিনি মৌলভীবাজারের শেরপুর এবং হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে আরও দুটি জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেবেন। এসব সমাবেশে সংশ্লিষ্ট জেলার বিএনপির সংসদ সদস্য প্রার্থীদের আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়ার কথা রয়েছে।
তারেক রহমানের আগমনকে ঘিরে সিলেটে বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর প্রস্তুতি শুরু হয়েছে। দলীয় সূত্র জানায়, সিলেট নগরের আলিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত প্রথম নির্বাচনী প্রচারণার এই জনসভায় ব্যাপক জনসমাগম ঘটাতে পরিকল্পনা নেওয়া হচ্ছে।
জৈন্তা বার্তা/আরআর




