প্রতীকী ছবি
সিরাজগঞ্জে জামায়াতে ইসলামীর নির্বাচনী অফিসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুনে বড় ধরণের ক্ষয়ক্ষতি না হলেও টিনের একাংশ পুড়ে গেছে। শনিবার (৩১ জানুয়ারি) গভীর রাতে সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের বহুতী বাজারে ৮নং ওয়ার্ডের দাঁড়িপাল্লার নির্বাচনী অফিসে এই আগুন দেওয়ার ঘটনা ঘটে।
রোববার (১ ফেব্রুয়ারি) দুপুরে এ বিষয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে জামায়াতের পক্ষ থেকে লিখিতভাবে অভিযোগ দেওয়া হয়েছে।
সিরাজগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর সহকারি সেক্রেটারি অধ্যাপক শহীদুল ইসলাম বলেন, ‘শনিবার রাতের আঁধারে খড়কুটো স্তুপ করে সেখানে পেট্রোল ঢেলে আগুন দেওয়া হয়েছে। আল্লাহর রহমতে আগুন বাইরেই নিভে গেছে, ঘরে ঢুকতে পারেনি। টিনের চাল ও বেড়া পুড়ে গেছে। ঘরে ঢুকলে পুরো মার্কেটটাই পুড়ে ছাই হয়ে যেত।’
তিনি বলেন, ‘বিষয়টি আমরা রিটার্নিং কর্মকর্তা, সহকারি রিটার্নিং কর্মকর্তা, পুলিশ সুপার ও সদর থানার ওসি সাহেবকে লিখিতভাবে জানিয়েছি। সিরাজগঞ্জ-২ (সদর (আংশিক) ও কামারখন্দ) আসনে দাঁড়িপাল্লার প্রার্থী মুহাম্মদ জাহিদুল ইসলামসহ নেতারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।’
সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মামুন খান বলেন, ‘হোয়াটসঅ্যাপে এ বিষয়ে অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই আচরণবিধি ম্যাজিষ্ট্রেট ও সদর উপজেলা সহকারী কমিশনারকে (ভূমি) পাঠিয়েছি। তিনি সরেজমিনে পরিদর্শন করে একটি রিপোর্ট দিয়েছেন। দুপুর সাড়ে ১২টার দিকে জামায়াতের পক্ষ থেকে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। সেগুলো নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যান মহোদয়ের নিকট হস্তান্তর করা হয়েছে। আর ছোট হোক বড় হোক ঘটনা যেটাই ঘটুক আমরা সেটাকে সিরিয়াসিলি দেখছি।’
জৈন্তাবার্তা/সুলতানা




