সংগৃহিত
অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, যারা লুটপাট করে ব্যাংকের ঋণ পরিশোধ না করে ঋণখেলাপী হয়ে হাজার হাজার কোটি টাকা কামিয়েছে, তাদের থেকে আপনারা টাকা নেন, কিন্তু আপনারা ভোটটা তাকেই দেবেন, যে আপনার জীবন পরিবর্তন করতে পারবে। আপনারা ভোটটা তাকেই দেবেন, যে আপনার সন্তানের সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে পারবে। আপনারা ভোটটা তাকেই দেবেন, যে আধিপত্যবাদের বিরুদ্ধে, সাম্রাজ্যবাদের বিরুদ্ধে বাংলাদেশের কণ্ঠস্বর হয়ে উঠবে।
রোববার (১ ফেব্রুয়ারি) দুপুরে সিরাজগঞ্জের শাহজাদপুর বিসিক বাসস্ট্যান্ডে নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দেশজুড়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নির্বাচনী পদযাত্রার অংশ হিসেবে এই পথসভা অনুষ্ঠিত হয়।
আসিফ মাহমুদ বলেন, ‘শীতকালে আমরা দেখি সুন্দর সুন্দর জায়গায় অতিথি পাখিরা ঘুরতে আসে। ঠিক একইভাবে একটা দল লন্ডন-আমেরিকা থেকে ঘুরতে আসা অতিথি পাখিদের মনোনয়ন দিয়েছে। শীতকালের পর গ্রীষ্মকাল আসলে যেভাবে আমরা দেখি অতিথি পাখিরা উড়ে গেছে। ঠিক সেভাবেই বিদেশি পাসপোর্টধারীরা নির্বাচনে না জিতলে, অতিথি পাখির মতো বিদেশে চলে যাবে। এসব অতিথি পাখি এবং ব্যাংক লুটেরাদের ভোট দিয়ে আওয়ামী ফ্যাসিবাদের পুনর্বাসন করা যাবে না।’
‘হ্যাঁ’ ভোটের পক্ষে অবস্থান নিতে আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, ‘আমরা আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের বলতে চাই, আপনাদের অবশ্যই ‘হ্যাঁ’ ভোটকে বিজয়ী করতে হবে। আপনারা যদি হাসিনার মতো আর কোনো দোসর বাংলাদেশে না আসুক, ফ্যাসিস্ট শাসক না আসুক চান তাহলে হ্যাঁ ভোটকে বিজয়ী করতে হবে। আমরা দেখেছি, একটি দলের নেতা মাইকের সামনে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে বলছে। কিন্তু তাদের নেতাকর্মীরা মাঠে ময়দানে ‘না’ ভোটের পক্ষে প্রচারণা করছে। ওইদলের নেতাকর্মীরা ‘হ্যাঁ’ ভোট চাইলে তাদের নেতাদের সঙ্গে সুর মিলিয়ে বলবেন গুপ্ত গুপ্ত। তাদের নেতারা অন্যদলকে মুনাফেক বলে। আমরা তাদের মুনাফেক বলতে চাই না। আশা করছি তারা মুনাফেকি করবে না।’
এনসিপি আয়োজিত পথসভায় আরও উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম সদস্য সচিব ও সিরাজগঞ্জ-৬ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী এস এম সাইফ মোস্তাফিজ, এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মনিরা শারমিন, এনসিপির যুগ্ম সদস্য সচিব মাহিন সরকার, জাতীয় যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তারিকুল ইসলাম, শাহজাদপুর উপজেলা জামায়াতের আমির মিজানুর রহমান, এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির মিডিয়া সেক্রেটারি ইয়াসির আরাফাতসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
জৈন্তাবার্তা/সুলতানা




