রাষ্ট্রপতিকে অপসারণ ও বিচার দাবি জুলাই ঐক্যের
সোমবার, ০১ জুন ২০২৬, ১২:৩৮ AM

রাষ্ট্রপতিকে অপসারণ ও বিচার দাবি জুলাই ঐক্যের

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৩/০৩/২০২৬ ০৭:৪৬:০৬ PM

রাষ্ট্রপতিকে অপসারণ ও বিচার দাবি জুলাই ঐক্যের

সংগৃহিত


অবিলম্বে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুকে বাংলাদেশের সংবিধানের ৫২ অনুচ্ছেদ অনুযায়ী গুরুতর অসদাচরণ বা সংবিধান লঙ্ঘনের দায়ে সংসদ কর্তৃক অভিশংসন (ইমপিসমেন্ট) করে পদ থেকে অপসারণ এবং গণহত্যার সহযোগী হিসেবে তার বিচার দাবি জানিয়েছে ‘জুলাই ঐক্য’ নামের একটি সংগঠন।

শুক্রবার (১৩ মার্চ) বিকেল সাড়ে তিনটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দেওয়া লিখিত বক্তব্যে জুলাই ঐক্যের সংগঠক ফাহিম ফারুকী এ দাবি জানান।

লিখিত বক্তব্যে জুলাই ঐক্যের সংগঠক ফাহিম ফারুকী বলেন, ‘ফ্যাসিবাদী শেখ হাসিনা সরকারের নিয়োগকৃত রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে ভাষণ দিয়ে জনতার সংসদকে অপবিত্র করছেন।’

লিখিত বক্তব্যে আরও বলা হয়, ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর বিএনপিকে দুটি শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হলেও তারা ‘জুলাই সনদ’-এর শপথ গ্রহণ করেনি। বরং সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ব্যবস্থা করা হয়েছে।’

সরকারের উদ্দেশে ‘জুলাই ঐক্য’ জানায়, ছাত্র-জনতার রক্তের ওপর দাঁড়িয়ে বর্তমান সংসদ গঠিত হয়েছে। জুলাইয়ের আত্মত্যাগ অস্বীকার করা হলে এর পরিণতি ভয়াবহ হতে পারে বলেও সতর্ক করেন তারা।

সংগঠনটি দাবি করে, চব্বিশের গণঅভ্যুত্থানের পর রাষ্ট্রপতি বারবার শপথ ভঙ্গ করেছেন। গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে একাধিকবার মিথ্যা বক্তব্য দিয়েছেন।

সম্প্রতি ‘কালের কণ্ঠ’ পত্রিকায় দেওয়া সাক্ষাৎকারের প্রসঙ্গ টেনে তারা বলেন, ‘সেখানে রাষ্ট্রপতি দাবি করেছেন ২০২৪ সালের অক্টোবরে ‘জুলাই ঐক্য’ বঙ্গভবন ঘেরাও করতে গিয়েছিল। অথচ সংগঠনটির আত্মপ্রকাশ ঘটে ২০২৫ সালের মে মাসে।’

এ ছাড়া লিখিত বক্তব্যে বলা হয়, যারা এখনও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেননি, তাদের দ্রুত শপথ গ্রহণ করে জুলাই সনদ বাস্তবায়নের আহ্বান জানানো হয়। পাশাপাশি জুলাইয়ের বিভিন্ন সংগঠনকে সক্রিয় ও একীভূত করার লক্ষ্যে আগামী ২৫ মার্চ পর্যন্ত সংগঠন সংগ্রহ কার্যক্রম চালানোর ঘোষণা দেয় ‘জুলাই ঐক্য’।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ: