ছবি : সংগৃহিত
আগামী ১০ নভেম্বরের মধ্যে সরকারকে পদত্যাগের আল্টিমেটামসহ ৪ দফা দাবি জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। শুক্রবার বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত মহাসমাবেশে এ ঘোষণা দেন তিনি।
রেজাউল করীম বলেন, ১০ নভেম্বরের মধ্যে সরকারকে পদত্যাগ করে এবং জাতীয় সংসদ ভেঙে দিয়ে সব নিবন্ধিত ও প্রতিনিধিত্বশীল আন্দোলনরত রাজনৈতিক দলের সমন্বয়ে গঠিত জাতীয় সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। বিদ্যমান রাজনৈতিক সংকট নিরসনে আগামী ১ সপ্তাহের মধ্যে রাজনৈতিক কারণে কারারুদ্ধ বিএনপিসহ সব শীর্ষ নেতাদের মুক্তি দিয়ে রাষ্ট্রপতিকে সব রাজনৈতিক দলের সঙ্গে জাতীয় সংলাপের উদ্যোগ গ্রহণ করতে হবে।
তিনি বলেন, সরকার এসব দাবি মেনে না নিলে, আন্দোলনরত সব বিরোধী দলের সঙ্গে আলোচনা করে পরবর্তী সময়ে কঠোর ও বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে। জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার দাবিতে এবং অবৈধ সরকারের পতনের লক্ষ্যে বিএনপিসহ বিরোধী দলগুলোর শান্তিপূর্ণ কর্মসূচির প্রতি সমর্থনও জানান
রেজাউল করীম।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে চরমোনাই পীর বলেন, ঐতিহাসিক এই সোহরাওয়ার্দী উদ্যান থেকে আপনার আব্বা স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। লাখ লাখ মানুষ জীবন দিয়ে এ দেশ স্বাধীন করেছেন। আজ ৩ নভেম্বর এই সরকারের মেয়াদ শেষ। এ জন্য আমরা আজকের তারিখে সমাবেশ করছি। পরিষ্কার ঘোষণা করছি সোহরাওয়ার্দী উদ্যান থেকে, জাতীয় সরকার গঠন, নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করতে হবে।
সমাবেশে আরও বক্তব্য রাখেন- সিনিয়র প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মুহাম্মদ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম শায়খে চরমোনাই, প্রেসিডিয়াম সদস্য আল্লামা নুরুল হুদা ফয়েজী, নায়েবে আমীর খুলনা সিটি নির্বাচনে মেয়র প্রার্থী মাওলানা আবদুল আউয়াল পীর সাহেব খুলনা, উপদেষ্টা পরিষদের সদস্য মাওলানা ফরিদ উদ্দীন আল মোবারক, নায়েবে আমীর মুহাদ্দিস মাওলানা আবদুল হক আজাদ প্রমুখ।
JA




