মেসির ১০ নম্বর জার্সি নিয়ে তাড়াহুড়া নেই আর্জেন্টিনার
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৩ PM

মেসির ১০ নম্বর জার্সি নিয়ে তাড়াহুড়া নেই আর্জেন্টিনার

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ৩০/০৯/২০২৬ ১২:০৮:১৬ PM

মেসির ১০ নম্বর জার্সি নিয়ে তাড়াহুড়া নেই আর্জেন্টিনার

সংগৃহীত


লিওনেল মেসি জাতীয় দলের হয়ে শেষ ম্যাচ খেলার পর একসময় আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি আবারও কারও গায়ে উঠবে। তবে কে সেই জার্সি পরবেন এবং কবে থেকে পরবেন, সেই প্রশ্নের উত্তর এখনই দিতে চান না আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি।

মেসির ঐতিহাসিক ১০ নম্বর জার্সি আপাতত কাউকে দেওয়া হয়নি। বুধবার কর্দোবার কেম্পেস স্টেডিয়ামে বলিভিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ দিয়ে মেসি-পরবর্তী যুগের প্রথম পরীক্ষা দিতে যাচ্ছে আর্জেন্টিনা।৩৯ বছর বয়সী মেসি আগামী সপ্তাহে আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন। বুয়েনস এইরেসের মনুমেন্টালে বেনিনের বিপক্ষে সেই ম্যাচে মাঠে নামবেন তিনি। এরই মধ্যে মেসিকে ছাড়া ভবিষ্যতের আর্জেন্টিনা নিয়ে ভাবতে শুরু করেছেন স্কালোনি।

মেসির জায়গা পূরণের বিশাল চ্যালেঞ্জ সামনে থাকলেও বাস্তবতার দিকেই তাকাচ্ছেন কোচ। তিনি বলেন, 'আমরা ভিন্নভাবে খেলার পথ খুঁজে নেব।'

বলিভিয়ার বিপক্ষে ম্যাচের আগে মঙ্গলবার সংবাদ সম্মেলনে স্কালোনি বলেন, 'এই ম্যাচগুলোই পরীক্ষা-নিরীক্ষার জন্য। তবে আমাদের মূল খেলার ধরন এখনো বলের নিয়ন্ত্রণকে ঘিরেই। সেখান থেকেই আমরা কীভাবে নিজেদের মানিয়ে নেব, সেটা দেখব।'

এবার আক্রমণভাগে হুলিয়ান আলভারেজ ও লাওতারো মার্তিনেজকে একসঙ্গে খেলানোর সিদ্ধান্ত নিয়েছেন স্কালোনি। আগে এই কৌশল খুব একটা ব্যবহার করেননি তিনি।

বিশ্বকাপজয়ী কোচ অবশ্য এখনো একাদশ নিশ্চিত করেননি। তবে স্পেনের বিপক্ষে ১-০ গোলে হারা বিশ্বকাপের ফাইনালে খেলা বেশির ভাগ ফুটবলারকেই বলিভিয়ার বিপক্ষে দেখা যেতে পারে।সম্ভাব্য পরিবর্তনের মধ্যে ডান প্রান্তের রক্ষণভাগে আগুস্তিন গিয়াইয়ের খেলার কথা রয়েছে। ফাইনালে লাল কার্ড দেখার কারণে নিষিদ্ধ এনজো ফের্নান্দেসের জায়গায় খেলতে পারেন এক্সেকিয়েল পালাসিওস। তৃতীয় মিডফিল্ডার হিসেবে জায়গা পেতে পারেন ভ্যালেন্তিন বারকো। মেসির অনুপস্থিতিতে আক্রমণ তৈরির দায়িত্ব থাকবে বর্তমানে ইতালির কোম ক্লাবে খেলা নিকোলাস পাসের ওপর।

মঙ্গলবার সংবাদ সম্মেলনে স্কালোনি নিশ্চিত করেছেন, আপাতত কেউই আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি পরবেন না। ২০২২ বিশ্বকাপের ট্রফি হাতে তোলার সময় এবং আর্জেন্টিনার হয়ে ২০৭ ম্যাচের বেশির ভাগ সময় এই জার্সিই পরেছেন মেসি।৬ অক্টোবর বুয়েনস এইরেসে বেনিনের বিপক্ষে হবে মেসির বিদায়ী ম্যাচ। আন্তর্জাতিক বিরতির প্রথম দুটি ম্যাচে তিনি খেলবেন না।

স্কালোনি বলেন, 'এই ম্যাচগুলোতে আমাদের ১০ নম্বর জার্সি কাউকে দেওয়ার বাধ্যবাধকতা নেই। তাই লিওর বিদায়ী ম্যাচ না হওয়া পর্যন্ত আমরা এটি কাউকে দেব না। পরে অবশ্য কেউ না কেউ এই জার্সি পরবে, কারণ এটি পরার অনুভূতি ও গুরুত্ব আলাদা। তবে কে পরবে, তা এখনো ঠিক করিনি।'

আগস্টের শেষ দিকে আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায়ের ঘোষণা দেন মেসি। নিজের ষষ্ঠ ও শেষ বিশ্বকাপে তিনি আট ম্যাচ খেলে আট গোল করেছেন। আর্জেন্টিনার হয়ে ১২৫ গোল করে জাতীয় দলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হিসেবে ক্যারিয়ার শেষ করছেন তিনি। এর মধ্যে বিশ্বকাপেই করেছেন ২১ গোল।

এদিকে আগামী ৩১ ডিসেম্বর শেষ হতে যাওয়া চুক্তি নবায়নের খুব কাছাকাছি রয়েছেন স্কালোনি।

তিনি বলেন, 'সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, ইচ্ছাটা এখনো আছে। আমাকে কিছুটা পিছিয়ে গিয়ে আবার ভাবতে হয়েছে এবং আর্থিক দিকের পাশাপাশি খেলাধুলার বিষয়গুলোও গভীরভাবে দেখতে হয়েছে। সামনে কী আছে, তা বিশ্লেষণ করতে হয়েছে। শেষ পর্যন্ত আমরা ভবিষ্যৎ নিয়ে উচ্ছ্বসিত। এই অভিন্ন আগ্রহই আমাদের সমঝোতার পথে নিয়ে গেছে।'

১৯ জুলাই বিশ্বকাপের ফাইনালে হারের পর স্কালোনি দায়িত্ব ছাড়তে পারেন বলে ইঙ্গিত দিয়েছিলেন। তবে সম্প্রতি আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ক্লদিও তাপিয়ার সঙ্গে বৈঠক করেছেন তিনি। ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত চুক্তি বাড়ানোর বিষয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে। ওই বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে আর্জেন্টিনা।

দায়িত্বে থাকার সিদ্ধান্তের কারণ ব্যাখ্যা করে স্কালোনি বলেন, 'আমরা সবসময় প্রতিদ্বন্দ্বিতা করব, এ বিষয়ে আমি নিশ্চিত। এ কারণেই আমি থাকার সিদ্ধান্ত নিয়েছি। আমরা নতুন প্রতিভাদের উঠে আসতে দেখছি এবং দলের হয়ে খেলার জন্য তাদের ক্ষুধাও দেখছি। এই আন্তর্জাতিক বিরতিতে কোনো একজন খেলোয়াড়ও জাতীয় দলের ডাক প্রত্যাখ্যান করেনি, যা দারুণ একটি লক্ষণ। আমরা যে কোনো দলের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করতে পারব এবং উচ্চ পর্যায়ে খেলব—এ বিষয়ে আমার কোনো সন্দেহ নেই।'

জৈন্তাবার্তা/ সুলতানা



শীর্ষ সংবাদ:

প্রাথমিক স্বাস্থ্যসেবায় পুষ্টিকে যুক্ত করার উদ্যোগের কথা জানালেন জিয়াউদ্দিন হায়দার
শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে হবে- বাণিজ্যমন্ত্রী
ঝিরির পানিতে পরিত্যক্ত অবস্থায় মিলল কাঠের বাটবিহীন ৭.৬২ মি.মি. রাইফেল
দূষণমুক্ত নগর গড়তে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা প্রয়োজন- সিসিক প্রশাসক
মাধবপুরে ৮ বছরেও শেষ হয়নি আইসিটি কেন্দ্রের নির্মাণকাজ
হাম ও উপসর্গে সিলেটে মৃ'ত্যু বেড়ে ১৮০
জগন্নাথপুরে মৎস্য কর্মকর্তার দম্ভোক্তি: “আমি কি আমার মেয়ের বিয়ে লাগাইসি যে সাংবাদিকদের বলতে হবে!”
চার বছরেও চালু হয়নি ওজন পরিমাপক যন্ত্র, ঝুঁকিতে রানীগঞ্জ সেতু-সড়ক
আশ্বাসেও কাটেনি অ/চলাবস্থা, অনড় সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা
প্রাথমিক শিক্ষা শিক্ষার সব স্তরের শিকড়- সিসিক প্রশাসক