ছবি:সংগৃহীত
আর্জেন্টিনার ১০ নম্বর জার্সিতে লিওনেল মেসির উত্তরসূরি কে হবেন-এই প্রশ্নের সম্ভাব্য উত্তর হিসেবে এরই মধ্যে আলোচনায় উঠে এসেছে নিকো পাজের নাম। এবার সেই আলোচনায় নতুন মাত্রা যোগ করেছেন আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টের মন্তব্যে পাজকে নিয়ে তাঁর প্রশ্ন-‘নতুন ১০ নম্বর?’
কোমোর এই অ্যাটাকিং মিডফিল্ডার বাংলাদেশ সময় গতকাল সকালে বলিভিয়ার বিপক্ষে আর্জেন্টিনার ৪-০ গোলের জয়ে দারুণ পারফর্ম করেছেন। ম্যাচে দুর্দান্ত এক চিপে সতীর্থকে দিয়ে গোল করানোর পাশাপাশি সেট পিস থেকেও গোল করিয়েছেন তিনি। ম্যাচ শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের একটি পোস্টের মন্তব্যে পাজকে নিয়ে মার্তিনেজের সেই প্রশ্নই এখন আলোচনার কেন্দ্রে।
আর্জেন্টিনার ১০ নম্বর জার্সির পরবর্তী উত্তরাধিকারী কে হবেন, সেই সিদ্ধান্ত অবশ্য আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ)। আগামী বুধবার বেনিনের বিপক্ষে আর্জেন্টিনার শেষ প্রীতি ম্যাচটি খেলার পর মেসি আনুষ্ঠানিকভাবে জাতীয় দলের জার্সি তুলে রাখলে হয়তো এ প্রশ্নের উত্তর আরও পরিষ্কার হবে।
তবে পাজ এরই মধ্যে নিজেকে এই জার্সির দাবিদার হিসেবে আলোচনায় এনেছেন। শুধু প্রতিভা নয়, জাতীয় দলে তাঁর শুরুটাও হয়েছে অসাধারণ এক রেকর্ড দিয়ে।
২০২৪ সালের অক্টোবরে আর্জেন্টিনার জার্সিতে অভিষেক হয় পাজের। এরপর জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত ১২ ম্যাচ খেলেছেন তিনি এবং জিতেছেন সব কটিতেই। আর্জেন্টিনা জাতীয় দলের ইতিহাসে অভিষেকের পর টানা সর্বোচ্চ ম্যাচ জয়ের রেকর্ড এখন তাঁর দখলে।
দেশটির ক্রীড়াভিত্তিক সংবাদমাধ্যম ‘এল গ্রাফিকো’ জানিয়েছে, আর্জেন্টিনার হয়ে অতীতে খেলা ১ হাজার ৪০০-এর বেশি ফুটবলারের মধ্যে অভিষেকের পর টানা ম্যাচ জয়ের তালিকায় শীর্ষে আছেন পাজ।
পাজের এই জয়যাত্রার শুরুটাও হয়েছিল বলিভিয়ার বিপক্ষেই। ২০২৪ সালের ১৫ অক্টোবর বিশ্বকাপ বাছাইপর্বে বলিভিয়ার বিপক্ষে ৬–০ গোলের জয়ে আর্জেন্টিনার হয়ে অভিষেকের পর প্রথম জয় পান তিনি।
এরপর একের পর এক জয় তুলে নিয়ে পাজ ভেঙেছেন গ্যাব্রিয়েল মেরকাদোর রেকর্ডও। আর্জেন্টিনার হয়ে অভিষেকের পর মেরকাদো প্রথম ৯ ম্যাচে জয় পেয়েছিলেন। পাজ এখন সেই রেকর্ড পেছনে ফেলেছেন।
এই তালিকায় প্রথম আট ম্যাচ জিতে পাজের পরেই আছেন হোসে ম্যানুয়েল লোপেজ। ‘ফ্লাকো’ লোপেজ নামে পরিচিত পালমেইরাসের এই স্ট্রাইকারও গতকাল বলিভিয়ার বিপক্ষে ম্যাচের শেষ গোলটি করেন।
আর্জেন্টিনার জার্সিতে অভিষেকের পর প্রথম সাত ম্যাচেই জয় পাওয়া খেলোয়াড়দের তালিকায় আরও আছেন নাতালিও পেসকিয়া (১৯৪৬-১৯৫৪), ফেদেরিকো ভাইরো (১৯৫৫-১৯৫৮), মারিও বোলাত্তি (২০০৯-২০১১) ও আলেহান্দ্রো গারনাচো।
সব মিলিয়ে মেসি-পরবর্তী আর্জেন্টিনা দলের নতুন যুগে নিকো পাজের নাম ক্রমেই জোরালোভাবে সামনে আসছে। আর মার্তিনেজের ‘নতুন ১০ নম্বর?’ প্রশ্ন সেই আলোচনাকেই আরও উসকে দিয়েছে।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




