সিলেটের ক্রিকেটে পৃষ্ঠপোষকতার স্বীকৃতি, সাহেদ শামসকে সংবর্ধনা
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৬:৩৭ PM

সিলেটের ক্রিকেটে পৃষ্ঠপোষকতার স্বীকৃতি, সাহেদ শামসকে সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৫/১০/২০২৬ ০৩:৩২:১৬ PM

সিলেটের ক্রিকেটে পৃষ্ঠপোষকতার স্বীকৃতি, সাহেদ শামসকে সংবর্ধনা

ছবি:সংগৃহীত


সিলেট প্রথম বিভাগ ক্রিকেট লীগের স্পনসর প্রতিষ্ঠান ‘পেনহিল লজেস্টিক’-এর প্রধান সাহেদ শামসকে সংবর্ধনা দিয়েছে সিলেট জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থা। স্থানীয় ক্রিকেটের উন্নয়ন ও বিকাশে পৃষ্ঠপোষকতার জন্য তাকে এ সংবর্ধনা দেওয়া হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমনসহ সিলেটের ক্রীড়াঙ্গনের সাবেক ও বর্তমান ক্রিকেট সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘স্থানীয় ক্রিকেটের উন্নয়নে ক্রীড়া সংগঠন ও পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানগুলোর পারস্পরিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বেসরকারি প্রতিষ্ঠানগুলো এগিয়ে এলে প্রতিভাবান ক্রিকেটারদের বিকাশের সুযোগ আরও বাড়বে।’

সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য সচিব সিদ্দিকুর রহমান পাপলু, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব রেজাউল করিম নাচনসহ সংশ্লিষ্টরা সাহেদ শামসের হাতে সম্মাননা তুলে দেন।

এ সময় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বিসিবির প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন বলেন, ‘ক্রিকেটের উন্নয়নে শুধু খেলোয়াড় ও সংগঠকদের নয়, পৃষ্ঠপোষকদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। স্থানীয় পর্যায়ে ক্রিকেটকে এগিয়ে নিতে এমন উদ্যোগ উৎসাহব্যঞ্জক।’

অনুষ্ঠানে সিলেটের ক্রিকেটের অতীত ও বর্তমান নিয়ে আলোচনা হয়। বক্তারা বলেন, বিভাগীয় ও জেলা পর্যায়ে নিয়মিত প্রতিযোগিতা আয়োজনের পাশাপাশি ক্রিকেটের অবকাঠামো ও প্রতিভা অন্বেষণে গুরুত্ব দেওয়া প্রয়োজন।

সংবর্ধনা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাবেক ক্রিকেটার আলী ওয়াসিকুজ্জামান অনি, সাবেক ক্রিকেটার ও সাবেক সেনা কর্মকর্তা আমিন আহমদ, ফয়সাল আহমদ, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সিলেট বিভাগীয় ক্রিকেট দলের কোচ রাজিন সালেহ এবং সিলেট বিভাগীয় ক্রিকেট দলের ম্যানেজার ইমতিয়াজ হোসেন তান্নাসহ ক্রীড়াঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা।

অনুষ্ঠানে বক্তারা সিলেটের ক্রিকেটকে আরও এগিয়ে নিতে স্থানীয় ও জাতীয় পর্যায়ের সাবেক ক্রিকেটার, ক্রীড়া সংগঠক এবং পৃষ্ঠপোষকদের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

সিলেট প্রথম বিভাগ ক্রিকেট লীগের স্পনসর হিসেবে ‘পেনহিল লজেস্টিক’-এর সম্পৃক্ততাকে স্বাগত জানিয়ে তারা বলেন, ‘স্থানীয় ক্রিকেটে পৃষ্ঠপোষকতার এই ধারা অব্যাহত থাকলে নতুন প্রজন্মের ক্রিকেটাররা আরও বেশি সুযোগ ও অনুপ্রেরণা পাবে।’

অনুষ্ঠানের শেষ পর্যায়ে সাহেদ শামসকে ফুল ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।


জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

সিলেট জেলায় ৬৩৬ মণ্ডপে দুর্গাপূজার আয়োজন
সিলামে রাসেল হ/ত্যা: ২২ জনের নাম উল্লেখ করে মামলা
কোম্পানীগঞ্জে ট্রাকভর্তি ভারতীয় ম/দ উদ্ধার, আ/টক ২
সিলেটের ক্রিকেটে পৃষ্ঠপোষকতার স্বীকৃতি, সাহেদ শামসকে সংবর্ধনা
আজমিরীগঞ্জে খানাখন্দে ভরা সড়কে ভো'গান্তিতে যাত্রীরা
সিলেটে ২৪ ঘণ্টায় গ্রে'প্তার ৪৬ জন, ১৫২টি যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা
সিলেট থেকে আরও প্রতিভাবান ক্রিকেটার তুলে আনা হবে -সিসিক প্রশাসক
আখতারুজ্জামানের জামিন শুনানিকে ঘিরে আদালতে বিএনপি-জামায়াতপন্থী আইনজীবীদের হা/তাহাতি
সিলেটি নারী ও ভাষা নিয়ে শাবি শিক্ষার্থীর মন্তব্য, সমালোচনার ঝড়
সরকার আইনের শাসনে বিশ্বাসী: এমপি এস এম ফয়সল