সংগৃহীত
নাইজেরিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ওন্দো রাজ্যে সামরিক বাহিনীর একটি বিমান বিধ্বস্ত হয়ে ৩২ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ২৫ জন যাত্রী ও সাতজন ক্রু সদস্য ছিলেন। দুর্ঘটনাকবলিত বিমানটিতে থাকা কেউই বেঁচে নেই বলে ধারণা করা হচ্ছে। বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
সোমবার বেনিন সিটি থেকে লাগোস যাওয়ার পথে বিমানটি দুর্ঘটনার কবলে পড়ে। নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা টিনুবু দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
এক বিবৃতিতে টিনুবু বলেন, বিমানবাহিনীর প্রধান তাকে দুর্ঘটনার বিষয়ে অবহিত করেছেন। দুর্ঘটনার কারণ জানতে এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে নাইজেরীয় বিমানবাহিনীকে দ্রুত পূর্ণাঙ্গ তদন্ত শুরুর নির্দেশ দিয়েছেন তিনি।
নাইজেরিয়ার বিমানবাহিনীর এটিআর-৪২ মডেলের বিমানটি নিয়মিত মিশনের অংশ হিসেবে বেনিন সিটি থেকে লাগোস যাচ্ছিল। দেশটির বিমানমন্ত্রী ফেস্টাস কেইয়ামো জানান, সোমবার গ্রিনিচ মান সময় সকাল ৮টা ১৩ মিনিটে বিমানটির সঙ্গে এয়ার ট্রাফিক নিয়ন্ত্রণকেন্দ্রের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
পরে উপকূলীয় শহর ইগবোকোডার কাছে বিমানটির ধ্বংসাবশেষের সন্ধান পাওয়া যায়। দুর্ঘটনাস্থলে উদ্ধার ও অনুসন্ধানকারী দল মোতায়েন করা হয়।সাম্প্রতিক বছরগুলোতে নাইজেরিয়ায় ঘটে যাওয়া সবচেয়ে প্রাণঘাতী বিমান দুর্ঘটনাগুলোর একটি হিসেবে এটিকে দেখা হচ্ছে।
জৈন্তাবার্তা/ সুলতানা




