সংগৃহীত
ভারতের উত্তর প্রদেশের বিজনোর জেলার নাজিবাবাদ শহরে মাইকে উচ্চস্বরে আজান দেওয়ায় এক মসজিদের মুয়াজ্জিনকে গ্রেপ্তার করেছে পুলিশ।গত শনিবার আজান দেওয়ার নির্ধারিত শব্দসীমা লঙ্ঘনের অভিযোগে ২৩ বছর বয়সী মোহাম্মদ ফাইজানকে গ্রেপ্তার করা হয়। সোমবার পুলিশ কর্মকর্তাদের বরাতে ভারতীয় বার্তাসংস্থা হিন্দুস্তান টাইমস এ তথ্য জানায়।
পুলিশের ভাষ্য অনুযায়ী, নাজিবাবাদের সরকারি ইন্টার কলেজের (জিআইসি) কাছে অবস্থিত নাজিবুদ্দৌলা মসজিদে উচ্চস্বরে মাইক ব্যবহারের অভিযোগে ফাইজানকে গ্রেপ্তার করা হয়। এ সময় মসজিদের মাইকও জব্দ করা হয়েছে।পরে তাকে উপবিভাগীয় ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করা হলে আদালত তাকে ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দেন।
অতিরিক্ত পুলিশ সুপার (সিটি) কৃষ্ণ গোপাল সিং বলেন, মসজিদ কর্তৃপক্ষের লাউডস্পিকার ব্যবহারের অনুমতি না থাকা সত্যেও তারা মাইক ব্যবহার করেছে। এ ধরনের অনুমতি না থাকলে মাইকের আওয়াজ মসজিদ বা সংশ্লিষ্ট প্রাঙ্গণের বাইরে ছড়িয়ে পড়তে পারে না।তিনি আরও বলেন, লাউডস্পিকার ও অন্যান্য শব্দবর্ধক যন্ত্রের ব্যবহার নিয়ে সরকার ও আদালত বিভিন্ন সময়ে নির্দেশনা দিয়েছেন। এসব নির্দেশনা বাস্তবায়নে পুলিশ অভিযান চালাচ্ছে।
পুলিশ জানায়, শনিবার উপপরিদর্শক সৌরভ সিং ও কনস্টেবল রোহিত ওই এলাকায় টহল দিচ্ছিলেন। দুপুর ১২টা ৪৫ মিনিটের দিকে তারা সরকারি ইন্টার কলেজের কাছে পৌঁছে মসজিদ থেকে উচ্চ শব্দে লাউডস্পিকার চালানোর আওয়াজ শুনতে পান। পরে সেখানে গিয়ে তারা ফাইজানকে আজান দিতে দেখেন।পুলিশের অভিযোগ, লাউডস্পিকারের শব্দ নির্ধারিত সীমা ছাড়িয়ে যাওয়ায় শব্দদূষণ সৃষ্টি হচ্ছিল এবং পথচারীদের চলাচলে অসুবিধা হচ্ছিল।
জৈন্তাবার্তা/সুলতানা




