জামায়াতেরও হরতাল মঙ্গলবার।
কুয়েতের আমির শেখ নাওয়াফ আল-আহমদ আল-সাবাহ মৃত্যুর কারণে এক দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। এর সম্মানার্থে সোমবারের হরতাল এক দিন পিছিয়ে মঙ্গলবার পালনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
রোববার (১৭ ডিসেম্বর) দলটির পক্ষ থেকে এ বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এর আগে শনিবার (১৬ ডিসেম্বর) ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম এক বিবৃতিতে আগামী ১৮ ডিসেম্বর সকাল-সন্ধ্যা হরতালের ঘোষণা দেন।
বিবৃতিতে তিনি বলেন, গণতন্ত্র হত্যাকারী সরকারের একদলীয় নির্বাচন ও সভা-সমাবেশের ওপর নিষেধাজ্ঞা এবং জামায়াতের নিবন্ধন সংক্রান্ত মামলায় ন্যায়ভ্রষ্ট আদেশ, নিম্ন আদালতে বিচারের নামে প্রহসন ও ফরমায়েসি একতরফা তফসিল ঘোষণার প্রতিবাদে এবং জালিম সরকারের পদত্যাগ, নির্বাচনকালীন কেয়ারটেকার সরকার গঠন, আমিরে জামায়াত ডা: শফিকুর রহমানসহ সকল রাজবন্দী ও ওলামা-মাশায়েখের মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার এবং দ্রব্যমূল্য মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে নিয়ে আসার দাবিতে আমি জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আগামী ১৮ ডিসেম্বর সোমবার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচি ঘোষণা করছি। ঘোষিত কর্মসূচি শান্তিপূর্ণভাবে সফল করে আন্দোলনকে চূড়ান্ত লক্ষ্যে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমি জামায়াতে ইসলামীর সর্বস্তরের নেতা-কর্মী এবং সংগ্রামী দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি।
জৈন্তাবার্তা/জেএ




