শেখ হাসিনার নির্বাচনী প্রচার শুরু।
সিলেটে জনসভার মধ্য দিয়ে দ্বাদশ জাতীয় নির্বাচনের প্রচারণা শুরু করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷ সেখানে তিনি অভিযোগ করেন, মানুষকে আগুন দিয়ে পুড়িয়ে নির্বাচন বানচাল করার ষড়যন্ত্র চলছে৷
বুধবার বিকেলে সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে জনসভায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি দেশে সহিংসতার জন্য বিএনপিকে দায়ী করেন৷ তিনি বলেন, ‘তারা মনে করেছে দুইটা বাসে আগুন দিলেই, সরকার পড়ে যাবে৷ অত সহজ না৷ অত ভাত দুধ দিয়ে খায় না৷ এটাই আমি বলতে চাই৷'
‘মানুষের জীবন কেড়ে নেবে, ভোট দিতে দেবে না, নির্বাচন বন্ধ করে দেবে, এত সাহস কোথা থেকে পায়,' বলেন তিনি৷ সঙ্গে যোগ করেন, ‘লন্ডনে বসে হুকুম দেয়, আর কতগুলো লোক এখানে আগুন নিয়ে খেলে৷ আগুন নিয়ে খেলতে গেলে, আগুনেই হাত পোড়ে, এটা তাদের মনে রাখা উচিত৷'
আগামী নির্বাচনে নৌকা প্রতীককে ভোট দেবার আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘‘আগামী নির্বাচনের প্রতীক নৌকা মার্কা৷ এই নৌকা নূহ নবীর নৌকা৷ এই নৌকাই মানবজাতিকে রক্ষা করেছিল৷ এই নৌকায় ভোট দিয়ে বাংলাদেশের মানুষ স্বাধীনতা পেয়েছে৷ আবার এই নৌকা যখন সরকারে এসেছে, তখন বাংলাদেশের মানুষের আর্থ-সামাজিক উন্নতি হয়েছে৷''
এর আগে নির্বাচনি প্রচারণা শুরু করতে সকালে সিলেট পৌঁছে হযরত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারত করেন শেখ হাসিনা৷ সেখানে তিনি পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন এবং ফাতেহা পাঠ ও মোনাজাত করেন৷ তার সঙ্গে তখন ছোট বোন শেখ রেহানা ছিলেন৷
জৈন্তাবার্তা/জেএ




