সুনামগঞ্জে অর্থ আত্মসাতের অভিযোগে কর্মকর্তার বিরুদ্ধে মানববন্ধন
শনিবার, ০২ মে ২০২৬, ১০:২৮ AM

সুনামগঞ্জে অর্থ আত্মসাতের অভিযোগে কর্মকর্তার বিরুদ্ধে মানববন্ধন

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৬/০৭/২০২৩ ১১:০৭:৫১ AM

সুনামগঞ্জে অর্থ আত্মসাতের অভিযোগে কর্মকর্তার বিরুদ্ধে মানববন্ধন

ছবি : নিজস্ব


সুনামগঞ্জে টাকা আত্মসাতের অভিযোগ এনে ডায়মন্ড লাইফ ইন্স্যুারেন্স সুনামগঞ্জ শাখার উপ-ব্যবস্থাপনা পরিচালক তৌহিদ হোসেন বাবুর বিরুদ্ধে মানববন্ধন করেছে প্রতিষ্ঠানটির কর্মকর্তা ও কর্মচারীরা। বুধবার (২৬ জুলাই) দুপুরে সুনামগঞ্জ পৌরশহরের ট্রাফিক পয়েন্ট এলাকায় মানববন্ধনে তৌহিদ হোসেন বাবুর নানা অনিয়ম ও অপকর্ম তুলে ধরেন বক্তারা।

মানববন্ধনে বক্তব্য রাখেন, ডায়মন্ড লাইফ ইন্স্যুারেন্স সুনামগঞ্জ শাখার নির্বাহী পরিচালক সম্পা বেগম আফিন্দী, দিরাই অফিস ইনচার্জ জাহানারা বেগম, সুনামগঞ্জ সদরের শাখা ব্যবস্থাপক রহিমা বেগম। ঘণ্টাব্যাপী মানববন্ধনে শতাধিক নারী কর্মী ও ভুক্তভোগীরা উপস্থিত ছিলেন।

এ সময় নির্বাহী পরিচালক সম্পা বেগম আফিন্দী বলেন, ‘আমরা এই অফিসে যোগদানের পর থেকে প্রমোশন দেওয়া থেকে শুরু করে নানা প্রলোভন দেখিয়ে বিভিন্ন সময় আমাদের কাছ থেকে টাকা নিয়েছে। আমরা অফিসে বসতে পারছি না। গ্রাহকদের লাখ লাখ টাকা তিনি হাতিয়ে নিয়ে গেছেন। এখন আমরা গ্রাহকদের কাছ থেকে অপমাণিত হচ্ছি। তৌহিদ হোসেন বাবু সুনামগঞ্জে আসেন না, তিনি সিলেটে বসে আছেন। আমরা এসব কথা বললে আমাদের হুমকি ধামকি দিচ্ছেন। আমরা এর সুষ্ঠু বিচার দাবি করছি।’

দিরাই অফিস ইনচার্জ জাহানারা বেগম তার বক্তব্যে বলেন, ‘আমি মাঠে কাজ করে বিভিন্ন গ্রাহকদের কাছ থেকে লাখ লাখ টাকা এনে দিয়েছি তৌহিদ হোসেন বাবুর কাছে। কিন্তু তিনি এখন আমাদের টাকা নিয়ে পালিয়ে গেছেন।’

২০২২ সালে তৌহিদ হোসেন বাবুর বিরুদ্ধে ডায়মন্ড লাইফ ইন্স্যুারেন্স সুনামগঞ্জ শাখার নির্বাহী পরিচালক সম্পা বেগম আফিন্দী প্রতারণার অভিযোগ এনে আদালতে মামলা করেন।

এ ব্যাপারে তৌহিদ হোসেন বাবু জৈন্তাবার্তাকে বলেন, ‘আমি সিলেটে আছি কিন্তু এখন ইন্স্যুরেন্সে নেই। আমি সেখানে চাকরি করি না দুই বছর ধরে।’তিনি উল্টো সম্পা বেগম আফিন্দীর বিরুদ্ধে অভিযোগ করে বলেন, ‘আমি উনার কাছে টাকা পাই। উনার বিরুদ্ধে মামলা করেছি। সেই মামলা চলমান রয়েছে। টাকা দেওয়া থেকে বাঁচার জন্য পাঁয়তারা করছেন। এটা পুরোটা সাজানো। আমার মানসম্মান ক্ষুন্ন করার জন্য একটা চক্র এটা করছে।’

এম সি