ছবি:সংগৃহীত
সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভার ইশহাকপুর এলাকার একটি মার্কেটের কক্ষ থেকে আব্দুর রউফ (৬৫) নামের এক বৃদ্ধের অর্ধগলি/ত মরদে/হ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৯ নভেম্বর) দুপুরে ইশহাকপুর গ্রামের হাজি উস্তার গনি মার্কেটের একটি কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত আব্দুর রউফ মৃত আয়াজ আলীর ছেলে। তাঁর আদি বাড়ি শান্তিগঞ্জ উপজেলার দরগাপাশা ইউনিয়নের ছয়হারা গ্রামে। তবে তিনি জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের সাদিপুর গ্রামের বাসিন্দা ছিলেন। পারিবারিক কলহের কারণে দীর্ঘদিন ধরে পরিবারের বাইরে একা বসবাস করছিলেন তিনি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ছয় মাস ধরে হাজি উস্তার গনি মার্কেটের একটি কক্ষে ভাড়া থাকতেন আব্দুর রউফ। সেখানে তিনি পরিত্যক্ত মালামাল বা ভাঙারি সংগ্রহ ও বিক্রির কাজ করতেন। গত শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলের পর থেকে স্থানীয় লোকজন তাঁকে আর ঘরের বাইরে বের হতে দেখেননি।
রোববার দুপুর ১২টার দিকে আশপাশের লোকজনের সন্দেহ হলে তাঁরা ঘরের সামনে গিয়ে ডাকাডাকি করেন। ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে ঘরের পেছনের ভেন্টিলেটর দিয়ে উঁকি দেন। এ সময় বিছানায় তাঁকে নিথর অবস্থায় পড়ে থাকতে দেখেন তাঁরা।
পরে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের ভাই আব্দুর রাজ্জাককে সঙ্গে নিয়ে ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে মরদেহ উদ্ধার করে।
নিহতের ভাই আব্দুর রাজ্জাক জানান, তাঁর ভাইয়ের দুই সংসারে দুই ছেলে ও চার মেয়ে রয়েছে। তবে স্ত্রী-সন্তানদের সঙ্গে বনিবনা না হওয়ায় তিনি কারও সঙ্গে থাকতেন না। একাই জীবনযাপন করতেন। ভাইয়ের মৃত্যুর খবর পেয়ে তাঁর বড় ছেলে স্বজনদের জানালে তাঁরা ঘটনাস্থলে ছুটে আসেন।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ মোখলেছুর রহমান জানান, পৌরসভার ইশহাকপুর এলাকার একটি ভাড়া কক্ষ থেকে মো. আব্দুর রউফের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




