দি এইডেড হাই স্কুলের প্রধান শিক্ষক শমশের আলীকে বিদায় সংবর্ধনা
সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন

শিক্ষকের কর্মময় জীবন ও অবদান শিক্ষার্থীদের মাঝে স্মরণীয় হয়ে থাকে: প্রফেসর মোহাম্মদ শাহজাহান কবীর

দি এইডেড হাই স্কুলের প্রধান শিক্ষক শমশের আলীকে বিদায় সংবর্ধনা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৯/১১/২০২৬ ০৮:৩৮:৫১ অপরাহ্ন

দি এইডেড হাই স্কুলের প্রধান শিক্ষক শমশের আলীকে বিদায় সংবর্ধনা

ছবি:সংগৃহীত


একজন আদর্শ শিক্ষক শুধু পাঠ্যবইয়ের জ্ঞান দেন না, শিক্ষার্থীদের নৈতিকতা, মূল্যবোধ ও মানবিক গুণাবলি বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। একজন শিক্ষকের কর্মময় জীবন ও অবদান শিক্ষার্থীদের মাঝে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকে বলে মন্তব্য করেছেন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, সিলেটের সচিব প্রফেসর মোহাম্মদ শাহজাহান কবীর।

রোববার (২৯ নভেম্বর) সকাল ১১টায় দি এইডেড হাই স্কুলের অডিটোরিয়ামে বিদ্যালয় শিক্ষা পরিবারের উদ্যোগে আয়োজিত প্রধান শিক্ষক মো. শমশের আলীর বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রফেসর মোহাম্মদ শাহজাহান কবীর বলেন, দীর্ঘদিনের কর্মনিষ্ঠা, দায়িত্ববোধ ও আন্তরিকতার মাধ্যমে একজন শিক্ষক একটি শিক্ষাপ্রতিষ্ঠানের অগ্রগতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। মো. শমশের আলীর দীর্ঘ কর্মজীবনের অভিজ্ঞতা ও অবদান বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সবার কাছে স্মরণীয় হয়ে থাকবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেমস লিমিটেডের (জেজিটিডিএসএল) পরিচালনা পর্ষদের পরিচালক ও দি এইডেড হাই স্কুলের গভর্নিং বডির সভাপতি বদরুজ্জামান সেলিম। সভাপতির বক্তব্যে তিনি বলেন, একজন শিক্ষকের সবচেয়ে বড় অর্জন হলো শিক্ষার্থীদের ভালো মানুষ হিসেবে গড়ে তোলা। মো. শমশের আলী দীর্ঘদিন নিষ্ঠা, সততা ও আন্তরিকতার সঙ্গে বিদ্যালয়ের দায়িত্ব পালন করেছেন। তাঁর কর্মদক্ষতা, নেতৃত্ব এবং শিক্ষার মানোন্নয়নে অবদান বিদ্যালয়ের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। এ সময় তিনি বিদায়ী প্রধান শিক্ষকের সুস্বাস্থ্য ও সুন্দর ভবিষ্যৎ কামনা করেন।

সিনিয়র শিক্ষক মো. মজির উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্য দেন বিদায়ী প্রধান শিক্ষক মো. শমশের আলী। তিনি বলেন, দি এইডেড হাই স্কুল তাঁর কাছে শুধু একটি কর্মস্থল নয়, বরং জীবনের আবেগ ও ভালোবাসার জায়গা। দীর্ঘ কর্মজীবনে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও পরিচালনা পর্ষদের সদস্যদের কাছ থেকে পাওয়া সহযোগিতা ও ভালোবাসা তাঁর জীবনের অন্যতম বড় প্রাপ্তি। দায়িত্ব পালনকালে কোনো ভুলত্রুটি হয়ে থাকলে তিনি সবার কাছে ক্ষমা প্রার্থনা করেন। একই সঙ্গে বিদ্যালয়ের ঐতিহ্য ও সুনাম অক্ষুণ্ন রেখে শিক্ষার মানোন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন পরিষদের আহ্বায়ক ইয়াহিয়া আহমদ। স্বাগত বক্তব্য দেন সহকারী প্রধান শিক্ষক মো. ফয়সল আহমদ। এ ছাড়া বক্তব্য দেন প্রাক্তন শিক্ষক নিলোৎপল চক্রবর্তী, শিক্ষকদের পক্ষে সিনিয়র শিক্ষক আব্দুল কাহার, অভিভাবকদের পক্ষে পীর মোহাম্মদ আলী মিলন এবং শিক্ষার্থীদের পক্ষে আফনানুল করিম চৌধুরী।

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের মধ্যে উপস্থিত ছিলেন ফাহমিদা আক্তার, রেজিনা বেগম, রুবিনারা আক্তার, মনি দে, শুকরিয়া সুলতানা চৌধুরী, রিমা খান, চুমকি দেবনাথ, মো. শরীফুল ইসলাম, বর্ণালী বর্মন, রতনা পারভীন, মো. জহিরুল ইসলাম, মৃত্যুঞ্জয় দাশ, তোফায়েল আহমেদ, মো. নাজমুল হুদা, ফাহিমা বেগম, ছাবিহা ইয়াসমিন প্রমি, অয়ন কুমার পাল, মো. গোলাম আযম, কৃষ্ণ চন্দ্র রায় ও মো. আনিছ চৌধুরীসহ অনেকে।

অনুষ্ঠানে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের পক্ষ থেকে বিদায়ী প্রধান শিক্ষককে সম্মাননা ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করে নবম শ্রেণির শিক্ষার্থী মারুয়ান আহমদ এবং গীতা পাঠ করে একই শ্রেণির শিক্ষার্থী জয় মিত্র।


জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

স/ন্ত্রাস-নৈ/রাজ্য ঠেকাতে নগরীর বিভিন্ন স্থানে বিএনপি নেতাকর্মীদের অবস্থান
জগন্নাথপুরে কক্ষ থেকে বৃদ্ধের অর্ধগলি/ত ম/রদে/হ উদ্ধার
গোপালগঞ্জে শাবিপ্রবির শিক্ষক-শিক্ষার্থীদের ওপর হা/মলা, আহ/ত ২
বাড়িতে হামলার গোয়েন্দা তথ্য ছিল, তাই রক্ষা: এম এ মালিক
সপ্তাহে ছয় দিন খোলা থাকবে দোকানপাট, তিন দিন রাত ১০টা পর্যন্ত
জৈন্তাপুরে ত্রিগাং নদীতে বেইলি ব্রিজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মন্ত্রী আরিফুল হক
বর্তমান সরকার অ/সহায় রোগীদের অনুদান দ্বিগুণ করেছে: এমপি এমরান
সিলেটে ৫০ লক্ষ টাকার চো/রাই পণ্য জ/ব্দ
চা শ্রমিক ইউনিয়নের নতুন সভাপতি রাজু, সম্পাদক মুকেশ
সংস্কার হচ্ছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম