ছবি:সংগৃহীত
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৯ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসলাম উদ্দিনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন জগন্নাথপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) দুলাল মিয়া, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কৃপেষ রায়, সুনামগঞ্জ জেলা বিএনপির সদস্য এম এ মুকিত, চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম বকুল, জগন্নাথপুর প্রেসক্লাবের সভাপতি তাজউদ্দিন আহমদ, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক লুৎফুর রহমান চৌধুরী, জমিয়তে উলামায়ে ইসলামের সাধারণ সম্পাদক মাওলানা মতিউর রহমান, জগদীশপুর সফাত উল্লাহ উচ্চবিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক শিব্বির আহমদ চৌধুরী, উপজেলা শিক্ষা কর্মকর্তা মাহবুবর রহমান, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জামাল আহমদ, সৈয়দ মোছাব্বির আহমদ ও আবদুল ছোবহান প্রমুখ।
সভায় বক্তারা বলেন, উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন, পুলিশ ও জনপ্রতিনিধিদের সমন্বিতভাবে কাজ করতে হবে। বিশেষ করে মাদক, চুরি ও চোরাচালান রোধে কঠোর নজরদারির পাশাপাশি অবৈধ অস্ত্র উদ্ধারে দ্রুত অভিযান পরিচালনার দাবি জানান তাঁরা।
আলোচনায় উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক লুৎফুর রহমান চৌধুরী এলাকায় অবৈধ অস্ত্র উদ্ধারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবদুল ছোবহান বলেন, এলাকায় মাদক, চোরাচালান ও চুরি প্রতিরোধে পুলিশের বর্তমান ভূমিকা সন্তোষজনক নয়। অপরাধ দমনের পরিবর্তে কিছু ক্ষেত্রে পুলিশের বিরুদ্ধে অপরাধীদের সঙ্গে যোগসাজশের অভিযোগও উঠছে বলে তিনি মন্তব্য করেন।
জগন্নাথপুর প্রেসক্লাবের সভাপতি তাজউদ্দিন আহমদ মাদকাসক্তি ও মাদক নির্মূলে সামাজিক সচেতনতা গড়ে তোলার ওপর গুরুত্ব দেন। তিনি পুলিশের অভিযানের পাশাপাশি গ্রাম ও ইউনিয়ন পর্যায়ে নিয়মিত উঠান বৈঠকের মাধ্যমে প্রচারণা চালানো এবং এতে সমাজের সচেতন ব্যক্তিদের সম্পৃক্ত করার আহ্বান জানান।
জবাবে পুলিশ পরিদর্শক (তদন্ত) দুলাল মিয়া বলেন, সভায় উত্থাপিত অভিযোগ ও বিষয়গুলো গুরুত্বের সঙ্গে নেওয়া হয়েছে। প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য বিষয়গুলো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বিস্তারিত জানানো হবে।
সভাপতির সমাপনী বক্তব্যে ইউএনও ইসলাম উদ্দিন বলেন, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সভায় উত্থাপিত সব প্রস্তাব ও সুপারিশ রেজ্যুলেশনে অন্তর্ভুক্ত করা হবে।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




