ছবি:সংগৃহীত
গোপালগঞ্জের মুকসুদপুরে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) নৃবিজ্ঞান বিভাগের ফিল্ড ওয়ার্কে যাওয়া শিক্ষক-শিক্ষার্থীদের গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে দুজন আহত হয়েছেন। আহতদের একজনের মাথায় আঘাত লেগেছে এবং অন্যজনের পিঠে ভাঙা কাচ ঢুকে গেছে। আজ রোববার (২৯ নভেম্বর) কুয়াকাটার উদ্দেশ্য ফিল্ড ওয়ার্কে যাওয়ার পথে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ছাগলছিরা এলাকায় এ ঘটনা ঘটে।
ফিল্ড ওয়ার্কে যাওয়া শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, শনিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে তাঁদের বহনকারী গাড়িগুলো মুকসুদপুর উপজেলায় পৌঁছালে সেগুলো আটকে দেওয়া হয়। পরে স্থানীয় একটি হাইওয়ে হোটেলে অবস্থান নেন শিক্ষক-শিক্ষার্থীরা। দিনভর সেখানে থেকে বের হওয়ার উপায় নিয়ে স্থানীয়দের সাথে আলোচনা করেন তাঁরা।
শিক্ষার্থীদের ভাষ্য, আলোচনার একপর্যায়ে স্থানীয় কয়েকজন ব্যক্তি তাঁদের উদ্দেশে ‘সিলেটের যারা আছেন, বের হয়ে যান’ বলে মন্তব্য করেন। পরে একধরনের চাপের মধ্যে তাঁরা সেখান থেকে রওনা দেন। কিছুক্ষণ পর একটি বাজারে পৌঁছালে তাঁদের গাড়িতে আবারও হামলা চালানো হয়। এ সময় মাইক্রোবাসে ভাঙচুর করা হয়। এতে চালকসহ কয়েকজন আহত হন। পরে চালক তাঁদের আবার আগের হোটেলে ফিরিয়ে নিয়ে যান। এ ঘটনায় শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। রাত ১০ টায় এ সংবাদ লেখা পর্যন্ত সেখানকার পরিস্থিতি উত্তপ্ত ছিল বলে জানিয়েছেন এক শিক্ষার্থী।
নাম প্রকাশে অনিচ্ছুক (নিরাপত্তার স্বার্থে) ওই শিক্ষার্থী বলেন, ‘আমরা সবাই এখনো আতঙ্কিত রয়েছি। কী হবে, এখনো কিছু বলা যাচ্ছে না।’
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মোখলেছুর রহমান বলেন, ‘বিষয়টি নিয়ে আমরাও উদ্বিগ্ন। স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেছি, যাতে তাঁদের নিরাপদে ফিরিয়ে আনা যায়। পুলিশি নিরাপত্তায় তাঁদের পদ্মা সেতু পার করে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। তবে সারাদিন তা সম্ভব হয়নি। এখন সবার সঙ্গে যোগাযোগ করে তাঁদের নিরাপদে ফেরানোর ব্যবস্থা করা হচ্ছে। আধা ঘণ্টার মধ্যেই তারা রওনা দেবেন।’
আহতদের বিষয়ে তিনি বলেন, ‘আমাদের সহকর্মীরা জানিয়েছেন, দুজন আহত হয়েছেন। একজনের মাথায় আঘাত লেগেছে, আরেকজনের পিঠে ভাঙা কাচ ঢুকেছে। তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। উন্নত চিকিৎসার প্রয়োজন হলে ঢাকায় পাঠানো হবে।’
প্রক্টর আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সেখানকার পুলিশ সুপারের সঙ্গে যোগাযোগ করছেন। তাঁদের নিরাপদে ফিরিয়ে আনার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




