ছবি:সংগৃহীত
সিলেটসহ সারা দেশে দোকানপাট, মার্কেট ও বিপণিবিতান খোলা রাখার সময় বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সপ্তাহে তিন দিন রাত ১০টা পর্যন্ত এবং বাকি তিন দিন রাত ৮টা পর্যন্ত দোকানপাট খোলা রাখা যাবে।
এ ছাড়া বিদ্যুৎ সাশ্রয় ও বিকল্প জ্বালানির ব্যবহার বাড়াতে মার্কেটে সোলার প্যানেল স্থাপনের জন্য ৫ শতাংশ সুদে পাঁচ থেকে সাত বছর মেয়াদি ঋণ দেবে সরকার।
রোববার (২৯ নভেম্বর) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু ও প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের সঙ্গে বাংলাদেশ দোকান মালিক সমিতির নেতাদের এক সভায় এসব সিদ্ধান্ত হয়। দুপুর সাড়ে ১২টায় অনুষ্ঠিত সভায় বিদ্যুৎ সচিব ও বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) চেয়ারম্যান উপস্থিত ছিলেন।
সভা শেষে বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব সিদ্ধান্তের কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, যেসব মার্কেট কর্তৃপক্ষ সোলার প্যানেল স্থাপন করতে আগ্রহী, তাদের ৫ শতাংশ সুদে পাঁচ থেকে সাত বছর মেয়াদে ঋণ দেওয়া হবে। তবে সোলার প্যানেলের গুণগত মান নিশ্চিত করতে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) সনদ গ্রহণের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। নিম্নমানের সোলার প্যানেল সরবরাহ ও স্থাপনের ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান এবং বিএসটিআইকে জবাবদিহির আওতায় আনার দাবি জানিয়েছে সমিতি।
সভায় বিদ্যুৎ বিভ্রাটের বিষয়টিও তুলে ধরেন দোকান মালিক সমিতির নেতারা। তাঁদের দাবি, দেশে প্রতিদিন গড়ে তিন থেকে পাঁচবার বিদ্যুৎ বিভ্রাট হচ্ছে। সাধারণ মানুষ এসব ঘটনাকে লোডশেডিং মনে করলেও সমিতির মতে, এর বড় অংশই বিদ্যুৎ সরবরাহের কারিগরি ত্রুটির কারণে ঘটছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে থাইল্যান্ডের উদাহরণ দিয়ে বলা হয়, দেশটিতে একজন গ্রাহক বছরে গড়ে একবার পাঁচ থেকে সাত মিনিটের বিদ্যুৎ বিভ্রাটের শিকার হন। অন্যদিকে বাংলাদেশে প্রতিদিন তিনবার বিদ্যুৎ বিভ্রাট হলে একজন গ্রাহককে বছরে ১ হাজার ৯৫ বার এ পরিস্থিতির মুখোমুখি হতে হয়। বিদ্যুৎ বিভ্রাটের এ সমস্যা সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানালে মন্ত্রী আশ্বাস দেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
প্রিপেইড বিদ্যুৎ মিটারের বিভিন্ন চার্জ নিয়েও সভায় আলোচনা হয়। সমিতির নেতারা বলেন, মিটারে টাকা রিচার্জ করার পর গ্রাহকেরা পুরো অর্থের হিসাব দেখতে পান না। বিদ্যুৎ ব্যবহারের পাশাপাশি পিক আওয়ার, অফ-পিক আওয়ার, ডিমান্ড চার্জ ও ভ্যাটসহ বিভিন্ন খাতে টাকা কেটে নেওয়ায় গ্রাহকদের মধ্যে বিভ্রান্তি ও অসন্তোষ তৈরি হচ্ছে।
মিটারের ভাড়া বাতিল করা হলেও এ বিষয়ে পরিপত্র না থাকায় কোথাও কোথাও এখনো ভাড়া কাটা হচ্ছে বলেও অভিযোগ করেন তাঁরা।
এ অবস্থায় মোবাইল ফোনে রিচার্জের মতো প্রিপেইড মিটারে গ্রাহক যত টাকা জমা দেবেন, মিটারে যেন সেই পুরো অর্থ প্রদর্শিত হয়, এমন প্রস্তাব দেয় সমিতি। অন্যান্য চার্জ সফটওয়্যারের মাধ্যমে সমন্বয়ের প্রস্তাবটিও মন্ত্রী গ্রহণ করেছেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এ ছাড়া বিভিন্ন এলাকায় বিদ্যুৎ গ্রাহকদের সার্ভিস লাইনের তার চুরির বিষয়টি সভায় তুলে ধরে সমিতি। তাদের অভিযোগ, বিভিন্ন এলাকায় শত শত গ্রাহকের বাসা ও ব্যবসাপ্রতিষ্ঠানের সার্ভিস লাইনের তার চুরি হচ্ছে। এতে গ্রাহকদের লাখ লাখ টাকার ক্ষতি হচ্ছে।
এ ধরনের চুরি বন্ধে সংশ্লিষ্ট এলাকার নির্বাহী প্রকৌশলীদের কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হলে মন্ত্রী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




