ছবি:সংগৃহীত
সিলেটের জৈন্তাপুর উপজেলায় দুটি গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্প পরিদর্শন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
রোববার (২৯ নভেম্বর) বিকেল ৪টায় তিনি জৈন্তাপুর উপজেলা সদরের পূর্ব বাজার এলাকায় বাণিজ্যিক ভবন নির্মাণের নির্ধারিত স্থান পরিদর্শন করেন। পরে বিকেল ৫টায় উপজেলার ৪ নম্বর দরবস্ত ইউনিয়নের ছাতারখাই গ্রামে ত্রিগাং নদীর ওপর প্রস্তাবিত বেইলি ব্রিজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
পূর্ব বাজারে বাণিজ্যিক ভবন নির্মাণের স্থান পরিদর্শন
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আওতাধীন ‘দেশব্যাপী গ্রামীণ বাজার অবকাঠামো উন্নয়ন প্রকল্প (২য় সংশোধিত)’-এর আওতায় জৈন্তাপুর পূর্ব বাজারে চারতলা ভিত্তির ওপর প্রাথমিকভাবে দুইতলা বিশিষ্ট একটি বাণিজ্যিক ভবন নির্মাণের পরিকল্পনা রয়েছে।
পরিদর্শনকালে মন্ত্রী নির্মাণের নির্ধারিত স্থান ঘুরে দেখেন এবং প্রকল্পটি দ্রুত ও কার্যকরভাবে বাস্তবায়নে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী প্রকৌশলীকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশনা দেন।
এ সময় বাজারের সার্বিক পরিবেশ, পরিচ্ছন্নতা ও রক্ষণাবেক্ষণের ওপর গুরুত্বারোপ করে বাজার সংশ্লিষ্ট কর্মকর্তা ও ব্যবসায়ীদের পরিকল্পিতভাবে বাজার পরিচালনা এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার নির্দেশনা দেন তিনি।
ত্রিগাং নদীতে বেইলি ব্রিজের ভিত্তিপ্রস্তর স্থাপন
পূর্ব বাজার পরিদর্শন শেষে বিকেল ৫টায় মন্ত্রী উপজেলার ৪ নম্বর দরবস্ত ইউনিয়নের ছাতারখাই গ্রামে ত্রিগাং নদীর উৎসমুখ এলাকায় যান। সেখানে জেলা পরিষদের অর্থায়নে বাস্তবায়নাধীন বেইলি ব্রিজ নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি।
ব্রিজটি নির্মিত হলে দরবস্ত ইউনিয়নের কৃষিপ্রধান ও প্রত্যন্ত এলাকার মানুষের দীর্ঘদিনের যোগাযোগ দুর্ভোগ অনেকটাই লাঘব হবে বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে দরবস্ত ইউনিয়নের সঙ্গে গাছবাড়ী ও কানাইঘাট উপজেলার সরাসরি সড়ক যোগাযোগের নতুন সুযোগ সৃষ্টি হবে।
স্থানীয় কৃষকেরা সহজে উৎপাদিত কৃষিপণ্য বাজারজাত করতে পারবেন। এতে পণ্য পরিবহনে সময় ও ব্যয় কমার পাশাপাশি ব্যবসা-বাণিজ্যের প্রসার এবং স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি সঞ্চার হবে। এ ছাড়া শিক্ষার্থী, রোগীসহ সাধারণ মানুষের যাতায়াত সহজ হবে এবং জরুরি চিকিৎসাসেবা গ্রহণেও সেতুটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন স্থানীয়রা।
বাণিজ্যিক ভবন পরিদর্শন ও ব্রিজের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল হাসনাত খান, উপজেলা নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ জাহাঙ্গীর আলম, জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা, উপজেলা বিএনপির সভাপতি হাজী আব্দুর রশিদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ, সাংগঠনিক সম্পাদক ও ১ নম্বর নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইন্তাজ আলী, ৪ নম্বর দরবস্ত ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাজী এনায়েত উল্লাহ এবং ইউপি সদস্য জালাল উদ্দিন ও হুমায়ুন কবির খানসহ স্থানীয় নেতৃবৃন্দ।
এ ছাড়া ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাহারুল আলম বাহার, ইউনিয়ন বিএনপির সভাপতি কুদরতুল্লাহ ভান্ডারী, সাংগঠনিক সম্পাদক ও ইউপি সদস্য আব্দুর রকিব, জৈন্তাপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শাওন আলম, উপজেলা মুক্তিযোদ্ধা দলের সহসভাপতি ফারুক আহমেদ, সুমন মেম্বার, জৈন্তা ডিগ্রি কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ এবং দরবস্ত ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
অনুষ্ঠানে ব্রিজ নির্মাণকাজের সফলতা ও এলাকার সার্বিক উন্নতি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। পরে মন্ত্রী স্থানীয় নেতৃবৃন্দ ও এলাকাবাসীর সঙ্গে কুশল বিনিময় করেন।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




