সিলেটের ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজার ইউনিয়নের তেরহাতি গ্রামে গাছে ঝুলন্ত অবস্থায় এক ভ্যানচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত ব্যক্তির নাম সফর আলী (কালা মিয়া)। তিনি সুনামগঞ্জ জেলার মৃত মনো মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সফর আলী দীর্ঘদিন ধরে তেরহাতি এলাকায় বসবাস করে আসছিলেন। তিনি তেরহাতি নিলা ম্যানশন-সংলগ্ন প্রবাসী আব্দুল বাহারের বাসায় আশ্রিত হিসেবে থাকতেন। পেশায় তিনি ভ্যানগাড়ির চালক ছিলেন। তার স্ত্রী ও চার মেয়ে রয়েছে।
স্থানীয়রা জানান, সোমবার (২৩ নভেম্বর) সকাল ৮টার দিকে মেজো মেয়ে বাইরে গেলে ঘরের সামনের কাঁঠাল গাছে তার বাবার মরদেহ ঝুলতে দেখে। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসেন। ঘটনাটি কখন ঘটেছে, তা কেউ বলতে পারেননি। পরে খবর পেয়ে ওসমানীনগর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
পুলিশ জানায়, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মৃতের স্ত্রী ও মেয়েদের কান্নায় ভারী হয়ে উঠেছে পুরো এলাকা।
জৈন্তাবার্তা/আরআর




