বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন

ছাত্রলীগের ধর্মঘটের সমর্থনে সড়ক অবরোধের দাবি, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস ওসির

বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০/১১/২০২৬ ০৩:৪৬:২৫ অপরাহ্ন

বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ

ছবি: ফেসবুক থেকে


বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদ ঘোষিত সর্বাত্মক ধর্মঘটের সমর্থনে সিলেটের বিয়ানীবাজার-সিলেট আঞ্চলিক সড়ক অবরোধের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে বিয়ানীবাজার উপজেলা ছাত্রলীগের নেতা-কর্মীদের সড়কে অবস্থান নিতে দেখা গেছে বলে দাবি করা হচ্ছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও পোস্টে ছাত্রলীগের নেতা-কর্মীদের ধর্মঘটের সমর্থনে সড়ক অবরোধের কথা উল্লেখ করা হয়। পোস্টে ছাত্রলীগের কর্মী আবু হানিফের নাম উল্লেখ করে আন্দোলন চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে। একই সঙ্গে ‘গাড়ির চাকা ঘুরবে না, দোকানপাট খুলবে না’-এমন স্লোগানও প্রচার করা হয়।

এদিকে, সড়ক অবরোধের ভিডিওটি পুলিশের নজরেও এসেছে। বিষয়টি নিশ্চিত করে বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুজাফর মোহাম্মদ মাহফুজুল কবির জৈন্তা বার্তা কে বলেন, ‘ফেসবুকে এ রকম একটি ভিডিও দেখেছি। তবে বিয়ানীবাজার-সিলেট সড়কের ঠিক কোন স্থানে ঘটনাটি ঘটেছে, তা নিশ্চিত হতে পারিনি। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি-এটি কখন, কোথায় এবং কারা করেছে। নিশ্চিত হওয়ার পর জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

এর আগে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদ ১০ নভেম্বর দেশব্যাপী সর্বাত্মক ধর্মঘটের কর্মসূচি ঘোষণা করে। ওই কর্মসূচির সমর্থনে বিয়ানীবাজারে সড়ক অবরোধের ভিডিও ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে আলোচনা তৈরি হয়েছে।

তবে অবরোধের সময়, স্থান, এতে অংশগ্রহণকারীদের পরিচয় এবং যানবাহন চলাচলে কী ধরনের বিঘ্ন ঘটেছে, তা পুলিশের তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে।


জৈন্তা বার্তা/ ওয়াদুদ