ছবি : সংগৃহীত
এক রাতে দেশের পাঁচ জেলায় ৮টি যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যা থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত এসব গাড়িতে আগুন দেওয়া হয়। কোথাও বাস, কোথাও কাভার্ডভ্যান, আবার কোথাও চলন্ত ভ্যান ছিল আগুনের লক্ষ্যবস্তু। এসব ঘটনায় সবচেয়ে মর্মান্তিক ঘটনা ঘটেছে ফরিদপুরে। সেখানে বাসে ঘুমিয়ে থাকা এক চালকের মৃত্যু হয়েছে আগুনের ধোঁয়ায় শ্বাসকষ্টে।
ঢাকায় দুই বাসে আগুন
সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যায় ব্যস্ততম ফার্মগেট এলাকায় সড়কে পার্কিং করা একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। বাসের আগুন থেকে সৃষ্ট ধোঁয়া দ্রুত ওপরে উঠে ফার্মগেট মেট্রোরেল স্টেশনের ভেতরে ছড়িয়ে পড়ে। এতে স্টেশনের স্বয়ংক্রিয় ফায়ার অ্যালার্ম বেজে ওঠে। মুহূর্তের মধ্যে স্টেশন এলাকা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়লে অপেক্ষমাণ যাত্রী ও পথচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় অনেকে ছোটাছুটি শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং নিরাপত্তা নিশ্চিত করতে তাৎক্ষণিকভাবে ফার্মগেট মেট্রোরেল স্টেশনের প্রবেশ ও বের হওয়ার পথ বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। পরিস্থিতি স্বাভাবিক হলে পরে পথ খুলে দেয় মেট্রোরেল কর্তৃপক্ষ।
এর কিছু সময় পর রাত ৯টার দিকে মিরপুর ১১ নম্বরে পার্কিং করে রাখা বসুমতি পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পরে ফায়ার সার্ভিসে দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে বাসটির আসন, কাচ ও বডির বিভিন্ন অংশ পুড়ে গেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।
মানিকগঞ্জে পার্ক করা বাসে আগুন
রাত ১টার দিকে মানিকগঞ্জ বাসস্ট্যান্ডের নবীন সিনেমা হলের সামনে পার্ক করা স্বাধীনতা পরিবহনের একটি যাত্রীবাহী মিনিবাসে অগুন দেয় দুর্বৃত্তরা। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাসস্ট্যান্ড এলাকায় রাতে খাবার খাওয়ার জন্য বাসটি পার্কিং করে চালক মোজাফর ও হেলপার রুবেল হোটেলে যান। এসময় একটি মোটরসাইকেলে দুইজন লোক পেট্রোল ঢেলে বাসটিতে আগুন লাগিয়ে দ্রুত পালিয়ে যায়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই বাসটি প্রায় পুড়ে যায়।
ওসি মো. মনির হোসেন বলেন, বাসে আগুন লাগানো সঙ্গে যারা জড়িত তাদের চিহিৃত করে গ্রেফতারে চেষ্টা চলছে।
এর আগে সোমবার সন্ধ্যা থেকে রাত সাড়ে ১২টা পর্যন্ত জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে, বাসস্ট্যান্ড এলাকাসহ মানিকগঞ্জ জেলার বিভিন্ন জায়গাই নয়টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। রাতে সদর থানার পুলিশ এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহজনক ৫ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।
গাজীপুরে দাঁড়িয়ে থাকা বাস ও কাভার্ডভ্যানে আগুন
সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গাজীপুরের চন্দ্রায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দাঁড়িয়ে থাকা আজমেরী পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সন্ধ্যায় আজমেরী পরিবহনের বাসটিতে হঠাৎ আগুন দেখতে পান স্থানীয়রা। এ সময় আশপাশের লোকজন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার তারিকুল ইসলাম জানান, আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে বাসটি পুড়ে গেছে।
কালিয়াকৈর থানার ওসি সহিদুল ইসলাম বলেন, সন্ধ্যায় দাঁড়িয়ে থাকা একটি বাসে দুর্বৃত্তরা আগুন দিয়েছে। কীভাবে এবং কারা এ ঘটনা ঘটিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এর সাড়ে চার ঘণ্টা পর রাত ১১টার দিকে চন্দ্রা-নবীনগর মহাসড়কের হাজীবাড়ী এলাকায় একটি কাভার্ডভ্যানে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে যানটির সামনের অংশ পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
নওগাঁয় দুই বাসে আগুন
রাত সাড়ে ১২টার দিকে নওগাঁ শহরের বাইপাস সড়কের গাবতলী মোড় এলাকায় দাঁড়িয়ে থাকা আল বারাকা পরিবহনের দুটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, শহরের বাইপাস সড়কের গাবতলী মোড়ে পাশাপাশি তিনটি বাস দাঁড় করানো ছিল। রাত সাড়ে ১২টার দিকে হঠাৎ এর মধ্যে দুটি বাসে আগুন ধরে যায়। বিষয়টি জানতে পেরে স্থানীয়রা ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে আগুনে বাস দুটি ক্ষতিগ্রস্ত হয়েছে।
নওগাঁ সদর থানার ওসি মিন্টু রহমান বলেন, এ ঘটনায় কেউ হতাহত হয়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কয়েলের আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে।
ফরিদপুরে বাসে আগুন, ঘুমন্ত চালকের মৃত্যু
ফরিদপুর নতুন বাসস্ট্যান্ডে পার্কিং করা একটি লোকাল বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় ধোঁয়ায় শ্বাসকষ্টে কালাচাঁন শেখ (৩৪) নামের এক বাসের চালক ঘটনাস্থলেই মারা গেছেন। সোমবার দিবাগত রাত ৩টার দিকে ফরিদপুর শহরস্থ নতুন বাসস্ট্যান্ডে পার্কিং করে রাখা একটি বাসে দুর্বৃত্তরা আগুন দিলে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাতে বাসস্ট্যান্ডে পার্কিং করা লোকাল বাসটিতে দুর্বৃত্তরা আগুন দিয়ে পালিয়ে যায়। ওই সময় বাসের ভেতরে ঘুমিয়ে ছিলেন চালক কালাচাঁন শেখ। আগুনের ধোঁয়ায় শ্বাসকষ্ট শুরু হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ফরিদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শ্রীবাস বাড়ৈ বলেন, রাত আনুমানিক ৩টার দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ড মাস্টার মো. সাদ্দাম বলেন, রাতে কালাচাঁন শেখ নামে এক ব্যক্তিকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। ধোঁয়ার কারণে শ্বাসকষ্টে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। মরদেহ বর্তমানে হাসপাতালের মর্গে রাখা আছে।
পোস্তগোলা ব্রিজে চলন্ত ভ্যানে আগুন
সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে পোস্তগোলা ব্রিজের ওপর একটি তিন চাকার ভ্যানে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। ভ্যানটি নারিকেলের ছোবড়াবোঝাই ছিল। আগুন দেওয়ার পর ভ্যানচালক দ্রুত পালিয়ে যান।
খবর পেয়ে পোস্তগোলা ফায়ার স্টেশনের কর্মীরা ও দক্ষিণ কেরানীগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সন্ধ্যা ৭টা ১০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। ভ্যানটিতে একটি খালি গ্যাস সিলিন্ডার ও নারিকেলের ছোবড়া ছিল।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) আজগর হোসেন জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নারিকেলের ছোবড়াবোঝাই একটি তিন চাকার ভ্যানে কে বা কারা আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। তবে ভ্যানটিতে আগুন দেওয়ার পেছনে কী উদ্দেশ্য ছিল, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
জৈন্তাবার্তা/আরআর




