৫৫ বছর নয়, আগামী পাঁচ বছরেই ৮০০ কিলোমিটার সড়ক নির্মাণের লক্ষ্য: মুক্তাদির
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন

সিলেটকে আধুনিক নগরী হিসেবে গড়ে তুলতে চাই: সিসিক প্রশাসক কাইয়ুম চৌধুরী

৫৫ বছর নয়, আগামী পাঁচ বছরেই ৮০০ কিলোমিটার সড়ক নির্মাণের লক্ষ্য: মুক্তাদির

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৭/১১/২০২৬ ০৮:৪৯:৩৭ অপরাহ্ন

৫৫ বছর নয়, আগামী পাঁচ বছরেই ৮০০ কিলোমিটার সড়ক নির্মাণের লক্ষ্য: মুক্তাদির

ছবি:সংগৃহীত


সিলেট নগরের ৪২টি ওয়ার্ডে থাকা প্রায় ৮০০ কিলোমিটার সড়ক আগামী পাঁচ বছরের মধ্যে নির্মাণ ও উন্নয়নের কাজ সম্পন্ন করার লক্ষ্য নিয়ে এগোচ্ছে সরকার। অতীতে ৪০০ কিলোমিটারের কিছু বেশি সড়ক নির্মাণে ৫৫ বছর সময় লাগলেও আগামী পাঁচ বছরেই বাকি সড়ক নির্মাণের কাজ শেষ করতে চান বলে জানিয়েছেন শিল্প, বাণিজ্য, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

শুক্রবার (২৭ নভেম্বর) রাতে নগরের মেজরটিলা থেকে সৈয়দপুর পর্যন্ত টেক্সটাইল রোডের আরসিসি ঢালাই, উভয় পাশে ড্রেন ও ফুটপাত এবং বাউন্ডারি ওয়াল নির্মাণকাজ শেষে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সড়কটির উন্নয়নকাজের বিবরণ তুলে ধরে মন্ত্রী বলেন, সড়কটির মোট দৈর্ঘ্য প্রায় সাড়ে তিন কিলোমিটার। এটি দুই ভাগে উন্নয়ন করা হচ্ছে। এর মধ্যে প্রথম পর্যায়ে ১ হাজার ৪৮০ মিটার বা প্রায় দেড় কিলোমিটার সড়কের কাজ সম্পন্ন হয়েছে। আগে সড়কটির প্রস্থ ছিল ১৮ ফুট, যা বাড়িয়ে ৩০ ফুট করা হয়েছে। পাশাপাশি ১ হাজার ৬৫০ মিটার ফুটপাত ও ড্রেন নির্মাণের কাজও শেষ হয়েছে।

সিলেট নগরের সড়ক উন্নয়নের পরিকল্পনা তুলে ধরে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, দায়িত্ব নেওয়ার কয়েক দিন পর সিলেট সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দেওয়া হয়। তিনি তাঁকে একটি পরিসংখ্যান দিয়ে জানান, সিলেট সিটি করপোরেশনের ৪২টি ওয়ার্ডে মোট প্রায় ৮০০ কিলোমিটার সড়ক রয়েছে। এর মধ্যে গত ৫৫ বছরে ৪০০ কিলোমিটারের কিছু বেশি সড়ক নির্মিত হয়েছে। এখন তাঁদের লক্ষ্য, আরও ৫৫ বছর অপেক্ষা না করে আগামী পাঁচ বছরের মধ্যেই ৮০০ কিলোমিটার সড়ক নির্মাণ ও উন্নয়নের কাজ সম্পন্ন করা।

সিটি করপোরেশনের কার্যক্রমের প্রশংসা করে মন্ত্রী বলেন, সিসিক আন্তরিকতার সঙ্গে নগর উন্নয়নে কাজ করছে। প্রায় প্রতি সপ্তাহেই এক-দুটি সড়ক উদ্বোধনের সুযোগ হচ্ছে। নগরের উন্নয়নে একটি বড় প্রকল্প গ্রহণেরও চেষ্টা চলছে। এর মাধ্যমে চলতি শীত মৌসুম ও পরবর্তী সময়ে ব্যাপক উন্নয়নকাজ বাস্তবায়ন করে সিলেটের সম্প্রসারিত ও নতুন ওয়ার্ডগুলোতে নাগরিক সুবিধা বাড়ানো এবং সেগুলোকে প্রকৃত শহরের রূপ দেওয়ার পরিকল্পনা রয়েছে।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, যোগাযোগব্যবস্থার উন্নয়ন ও নাগরিক সুযোগ-সুবিধা বাড়াতে বর্ধিত প্রতিটি ওয়ার্ডে জিন্দাবাজারের আদলে সড়ক নির্মাণ করা হবে। নগরবাসীর প্রত্যাশা পূরণে উন্নয়ন কার্যক্রম চলমান রয়েছে। শুষ্ক মৌসুমে আরও ব্যাপকভাবে কাজ করা হবে।

তিনি বলেন, একটি প্রকল্পের কাজ শেষ হয়েছে, অন্য একটি প্রকল্প অনুমোদনের প্রক্রিয়ায় রয়েছে। সিলেটকে একটি আধুনিক নগরী হিসেবে গড়ে তোলাই তাঁদের লক্ষ্য।

বক্তব্য শেষে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির ও সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী ফলক উন্মোচনের মাধ্যমে টেক্সটাইল রোডের উন্নয়নকাজের উদ্বোধন করেন। পরে তাঁরা বিশেষ মোনাজাতে অংশ নেন।

এ সময় উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, সিসিকের সচিব মো. আশিক নূর, তত্ত্বাবধায়ক প্রকৌশলী রজি উদ্দিন খান, নির্বাহী প্রকৌশলী অংশুমান ভট্টাচার্যসহ সিটি করপোরেশনের কর্মকর্তা, স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

রমজানে নিত্যপণ্যের সরবরাহ স্বাভাবিক, সংকটের আশঙ্কা নেই- বাণিজ্যমন্ত্রী
সিলেট জেলা প্রেসক্লাবের উপদেষ্টা মনোনীত হলেন কাওছার আহমদ শিপলু
৫৫ বছর নয়, আগামী পাঁচ বছরেই ৮০০ কিলোমিটার সড়ক নির্মাণের লক্ষ্য: মুক্তাদির
সিলেটে রিয়ার এডমিরাল মাহবুব আলী খান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট শুরু
সিলেটে আবাসিক প্রিপেইড মিটারে গ্যাস রিচার্জ বন্ধ থাকবে দুই দিন
নতুন নেতৃত্ব বেছে নেওয়ার অপেক্ষায় চা শ্রমিকরা
জৈন্তাপুরে মাদ্রাসায় শিক্ষা ছুটির নামে সরকারি অর্থ আত্মসাৎ
ছাতকে পাওনা টাকা নিয়ে বি/রোধ, টে/টার আ/ঘাতে চাচির মৃ/ত্যু
জাতীয় পর্যায়ে সেরা খামারির স্বীকৃতি পেলেন আরিফুল হক চৌধুরী
সিলেটে কাল থেকে শুরু উপজেলা কাপ ফুটবল টুর্নামেন্ট