ছবি সংগৃহীত
সুনামগঞ্জের তাহিরপুরে পর্যটকবাহী চলন্ত নৌকা থেকে পল্লী বিদ্যুৎ এর তারে শক খেয়ে বৌলাই নদীতে ডুবে নিখোঁজ হওয়া জানে আলম জান্টু (৩৫) নামক এক রাজমিস্ত্রির লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। নিখোঁজ জানে আলম জান্টু তাহিরপুর উপজেলা সদরের উজান তাহিরপুর গ্রামের আব্দুল লতিফের ছেলে।
শনিবার দুপুর ১২টায় উপজেলা সদর বাজার সংলগ্ন বৌলাই নদীতে পর্যটকবাহী চলন্ত নৌকা থেকে পল্লী বিদ্যুৎ এর তারে শখ খেয়ে পানিতে ডুবে নিখোঁজ হয় জান্টু। নিখোঁজের প্রায় তিন ঘণ্টা পুলিশ ও স্থানীয়রা জাল ফেলে খোঁজাখুঁজি করলেও পাওয়া যায়নি। পরে বিকাল তিনটায় জেলা সদর থেকে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল এসে ২০মিনিটের উদ্ধার তৎপরতা চালিয়ে জান্টুর লাশ উদ্ধার করে।
পর্যটকবাহী নৌকা চালক ও স্থানীয় সূত্রে জানাযায়, জান্টু নব নির্মিত একটি পর্যটকবাহী নৌকায় বাথরুমের কাজ করতে আসেন। নৌকাটি তাহিরপুর বাজার ঘাট থেকে চালিয়ে নৌকা মালিক পার্শবর্তী রতনশ্রী গ্রামের ইয়াজুল হকের বাড়ি ঘাটে নেয়ার সময় নৌকার উপরে দারিয়ে ছিলেন তিনি। এসময় বৌলাই নদীর উপরে থাকা পল্লী বিদ্যুৎ এর ১১কেবি এক্সেস এসটি লাইনে শক খেয়ে সঙ্গে সঙ্গে পানিতে পড়েন তিনি। পরে চলন্ত নৌকায় সাথে থাকা লোকজন খুঁজাখুঁজি করলে তাকে পাওয়া যায় নি।
বিষয়টি নিশ্চিত করে তাহিরপুর ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ কামাল পাশা বলেন, আমাদের স্টেশনে ডুবুরী না থাকায় সুনামগঞ্জ থেকে ডুবুরি আসতে একটু দেরি হয়েছে।
তিনি বলেন, ফায়ার সার্ভিসের সদস্য জুম্মন আহমদ অল্প সময়েই লাশ উদ্ধার করতে সক্ষম হয়েছে।
তাহিরপুর থানা অফিসার ইনচার্জ সৈয়দ ইফতেখার হোসেন বলেন, ফায়ার সার্ভিসের সহযোগীতার লাশ উদ্ধার করা হয়েছে। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরী করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ মর্গে পাঠানো হচ্ছে।
জৈন্তাবার্তা/এমকে




