ছবি সংগৃহীত
সিলেট-তামাবিল সড়কে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহতের ঘটনাকে কেন্দ্র করে পাল্টাপাল্টি কর্মসূচী দিয়েছেন সিলেটের তিন উপজেলাবাসী এবং পরিবহন শ্রমিকদের সংগঠন জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন।
গতকাল মঙ্গলবার উত্তর সিলেটের তিন উপজেলার ১৭ পরগনার সভা থেকে জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি ময়নুল ইসলাকে প্রকাশ্যে ক্ষমা চাওয়াসহ তিনটি সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
অপরদিকে একইদিন জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভায় আজ বুধবার ভোর থেকে দেয়া হয়েছে।
১৭ পরগনার সিদ্ধান্ত অনুয়ায়ী, জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি ময়নুল ইসলাকে ১৭ পরগনাবাসীর নিকট প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। ক্ষমা চাওয়ার আগ পর্যন্ত উত্তর সিলেটের তামাবিল রোড, কানাইঘাট ও গোয়াইনঘাট উপজেলার রোডে বাস চলাচল বন্ধ থাকবে। মালিক সমিতি যেহেতু নিজেই গাড়ি বন্ধ করেছে, তাই ক্ষমা চাওয়ার পর ১৭ পরগনার অনুমতি নিয়েই বাস চালাতে হবে। বাস ব্যতীত এই সড়কগুলোতে অন্যান্য সকল গাড়ি চলাচল করবে। এতে কেউ বাধা দিলে ১৭ পরগনার মানুষ প্রতিহত করবে। আগামীকাল বৃহস্পতিবার ১৭ পরগনার বৈঠক আবার অনুষ্ঠিত হবে।
অন্যদিকে সিলেট-তামাবিল সড়কে নির্বিঘ্নে বাস চলাচল করতে দেওয়া ও জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল আহমেদকে গ্রেফতারের দাবিতে কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে। বিষয়টি গতকাল মঙ্গলবার বিকাল ৪টার দিকে নিশ্চিত করেছেন জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি ময়নুল ইসলাম।
তিনি বলেন- দুই দাবিতে গত দুদিন ধরে সিলেট-তামাবিল সড়কে আমাদের কর্মবিরতি চলছে। কিন্তু আমাদের দাবি পূরণ না হওয়ায় বুধবার ভোর থেকে পুরো সিলেট জেলায় পরিবহন শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা করা হয়েছে। আমাদের আন্দোলনের সঙ্গে একাত্মতা পোষণ করেছে সকল পরিবহন সংগঠন। তাই বুধবার থেকে সিলেটের কোনো রাস্তায় চলবে না কোনো ধরনের গাড়ি। জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের ডাকে সিলেট-তামাবিল সড়কে গত সোমবার ভোর থেকে চলছে গণপরিবহন শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি। ওই সড়কে গত শুক্রবার বাসচাপায় ৫ জনের মৃত্যুর ঘটনায় জৈন্তাপুর উপজেলার ১৭ পরগনার সালিশ কমিটির সড়কটিতে বাস চলাচল বন্ধের ঘোষণার প্রতিবাদে ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল আহমেদের গ্রেফতারের দাবিতে এ কর্মবিরতি পালন করা হচ্ছে।
গত শুক্রবার রাত ১০টার দিকে সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুর উপজেলার দরবস্ত এলাকায় পল্লী বিদ্যুৎ অফিসের সামনে বাসের ধাক্কায় একটি ইজিবাইকের (টমটম) পাঁচ যাত্রী নিহত হন। আহত হন আরও কয়েকজন। ঘটনার পরদিন রাতে দরবস্ত বাজার মসজিদে সিলেটের বৃহত্তর জৈন্তাপুর ১৭ পরগনার সালিশ সমন্বয় কমিটি জরুরি বৈঠক করে। ওই বৈঠকে সিলেট-তামাবিল সড়কে অদক্ষ ও লাইসেন্সবিহীন চালকদের ছাঁটাইয়ের দাবি জানানো হয়। ছাঁটাইয়ের আগ পর্যন্ত ওই সড়কে বাস-মিনিবাস চলাচল করতে না দেওয়ার ঘোষণা দেওয়া হয়।
জৈন্তাবার্তা/এমকে



